আসন্ন গঙ্গাসাগর মেলাকে আরও বৃহৎ ও আধুনিক রূপ দিতে উদ্যোগী রাজ্য প্রশাসন। কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলা হবে এবারের সাগরমেলার পরিকাঠামো। মেলার আয়তন বৃদ্ধি, যাত্রীনিবাস সম্প্রসারণ এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা
মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরমেলা অফিসে শুরু হয়েছে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দপ্তরের সচিব ও পদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত রয়েছেন জেলাশাসক অভিষেক তেওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা।
প্রশাসনিক সূত্রে খবর, এবার গঙ্গাসাগর মেলার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে যাত্রীনিবাস, পানীয় জল, শৌচালয়, নিরাপত্তা ও অন্যান্য নাগরিক পরিষেবার পরিকাঠামো সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। দেশ-বিদেশের বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা মাথায় রেখে আকাশপথ ও জলপথে যাতায়াতের জন্য বিশেষ যানবাহনের সংখ্যাও বাড়ানো হবে।
মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে ময়দানে নামানো হবে। সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলাকে আরও সুসংগঠিত, আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তুলতেই কোমর বেঁধে নামছে রাজ্য প্রশাসন।