সোনার দামে পতনের ধারা, স্বস্তিতে সাধারণ ক্রেতা, চিন্তায় বিনিয়োগকারী

সোনার দামে ফের ধস। চলতি বছরের শুরুতে রেকর্ড রিটার্ন দিলেও, এখন সেই দাম নিম্নমুখী। বৃহস্পতিবার রাত পর্যন্ত (১১ জুলাই) MCX-এ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৭,৭৭১ টাকায় নেমে এসেছে। দিনভর দামের দোলাচল থাকলেও শেষ রাতে তা ফের নেমে যায়। দিনের সর্বোচ্চ দাম ছিল ৯৮,০৭৬ টাকা প্রতি ১০ গ্রাম।

ষষ্ঠী চট্টোপাধ্যায় নিজস্ব প্রতিনিধিঃ- সোনার দামে পতনের এই ধারা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সাধারণ গ্রাহকদের। কিন্তু বিনিয়োগকারীদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। কারণ, চলতি বছরেই সোনা প্রায় ৩০ শতাংশ রিটার্ন দিয়েছিল। ১৬ জুন সোনার দাম ছুঁয়েছিল এক ঐতিহাসিক শিখর— প্রতি ১০ গ্রামে ১,০১,০৭৮ টাকা। সেই তুলনায় সোনার দাম ইতিমধ্যেই প্রায় ৩,৩০০ টাকা কমে গিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দাম আরও নামার সম্ভাবনা প্রবল। সিটি রিসার্চের সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, আগামী এক বছরের মধ্যে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৭৭ হাজার থেকে ৭৮ হাজার টাকায় নেমে আসতে পারে।

দামের এই পতনের পিছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মুনাফা তোলার প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতা। শুল্ক যুদ্ধ বা অর্থনৈতিক অনিশ্চয়তা না থাকায় বাজারে আতঙ্ক কমেছে। ফলে বিনিয়োগকারীরা সোনার পরিবর্তে অন্যান্য সম্পদে ঝুঁকছেন।

এর প্রভাব পড়েছে বাজারে। ১৬ বছরের মধ্যে এই প্রথম, বছরের প্রথম ত্রৈমাসিকে গহনা কেনা ২৫ শতাংশ কমেছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের ক্ষেত্রেও সোনায় ৭ শতাংশ কম বিনিয়োগ হয়েছে। গত ১০ বছরে এটি সবচেয়ে বড় পতন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

একদিকে সোনার প্রতি আগ্রহ হারাচ্ছে বড় লগ্নিকারীরা, অন্যদিকে গহনায় মন্দা দেখা দিয়েছে সাধারণ ক্রেতাদের মধ্যেও। ফলে বাজারে সোনার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।