গড়িয়ায় হুঙ্কার রাজনাথ সিংয়ের — “বাংলায় বিজেপি এলে সুশাসন, অপরাধীদের জায়গা নেই।”

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বাংলায় বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে—এই বার্তাই গড়িয়া থেকে স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বিজেপি সরকার গঠন করলেই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে এবং অপরাধীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। তাঁর কড়া হুঁশিয়ারি, “অপরাধীদের হয় জেলে যেতে হবে, না হলে উপরে যেতে হবে।”
শনিবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশীষ ধরের সমর্থনে একটি বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন রাজনাথ সিং। হিন্দুস্থান মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত এই পদযাত্রা ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায়।
সভা থেকে রাজনাথ সিং আরও বলেন, রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে। কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ্য ভাতাও দ্রুত মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বিজেপির এই প্রচার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।