উৎসবের মরশুমে সুখবর! পরপর দু’দিন বাড়ছে মেট্রো পরিষেবা

গুরু নানক জয়ন্তী উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো পরিষেবায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আগামী সোম ও মঙ্গলবার স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো। তবে এই বাড়তি পরিষেবা মিলবে শুধুমাত্র ব্লু লাইনে। দু’দিনই নির্ধারিত সময়ের পর অতিরিক্ত এক জোড়া বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাতের দিকে যাতায়াতকারী যাত্রীরা কিছুটা বাড়তি সুবিধা পাবেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

সাধারণত ব্লু লাইনে রাত ১০টা ৩০ মিনিটেই শেষ মেট্রো ছেড়ে যায়। তবে গুরু নানক জয়ন্তী উপলক্ষে সোমবার ও মঙ্গলবার সেই সময়সীমা বাড়ানো হচ্ছে। ওই দু’দিন রাত ১০টা ৫০ মিনিটেও মিলবে মেট্রো পরিষেবা। দমদম এবং শহিদ ক্ষুদিরাম দুই প্রান্ত থেকেই একটি করে বিশেষ মেট্রো ছাড়বে। ফলে নির্ধারিত শেষ মেট্রোর পরেও যাত্রীরা বাড়তি ২০ মিনিট পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।

উৎসবের মরশুমে যাত্রীদের বাড়তি সুবিধা দিতে আগেও একাধিকবার রাতে মেট্রো চালানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। দুর্গাপুজোর সময় ব্লু ও গ্রিন লাইনে সারারাত পরিষেবা চালু রাখা হয়েছিল। একইভাবে কালীপুজোর সময়েও এই দুই করিডরে স্বাভাবিক সময়ের পর অতিরিক্ত মেট্রো চালানো হয়। সেই ধারাবাহিকতাতেই এবার গুরু নানক জয়ন্তী উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। সোমবার ও মঙ্গলবার রাতেও নির্ধারিত সময়ের পর মিলবে বাড়তি মেট্রো পরিষেবা।

গুরু নানক জয়ন্তীর দিন ব্লু লাইনে রাতের বিশেষ পরিষেবা-সহ মোট ২৫৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে আপ ও ডাউন, দুই দিকেই ১২৭টি করে মেট্রো চলবে। তবে সকালের প্রথম মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। অন্যদিকে, গ্রিন লাইনে ওই দিন মোট ২১২টি মেট্রো চলবে। দুই দিকেই মিলবে ১০৬টি করে পরিষেবা। ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে চলবে ৯২টি মেট্রো। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে মেট্রো চলাচলের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। সেখানে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে।