“ভয়ের পরিবেশ শেষ”

উত্তর হাওড়ায় গুন্ডারাজ আজ থেকে শেষ : উমেশ রাই

রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কার্যত গোটা রাজ্যের মানচিত্রের রং পাল্টে গেল। সবুজ থেকে একেবারে গেরুয়া। যাকে ভোলবদল বললেও ভুল হবে না। রাজ্য়জুড়ে ভারী মার্জিনে জয়লাভ করছেন বিজেপি প্রার্থীরা। বাজি ফাটিয়ে, গেরুয়া আবির মাখিয়ে, মিষ্টি খাইয়ে, দলীয় পতাকা হাতে উদযাপনে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। জয়ী বিজেপি প্রার্থীদের মধ্যে অন্যতম উত্তর হাওড়ার উমেশ রাই। জয়ের পর প্রতিশ্রুতির বার্তা দিলেন তিনি।
উত্তর হাওড়া কেন্দ্রে জয়লাভের পর আত্মবিশ্বাসী সুরে ভবিষ্যতের রূপরেখা তুলে ধরলেন উমেশ রাই। জয়কে তিনি ব্যক্তিগত সাফল্য হিসেবে না দেখে, বৃহত্তর আদর্শের জয় বলেই ব্যাখ্যা করলেন।


উচ্ছ্বসিত কণ্ঠে তাঁর বক্তব্য, “এই জয় কেবল একটি আসনের জয় নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতিফলন।” তিনি আরও বলেন, “ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর যে স্বপ্ন ছিল, আজ তা বাস্তবের পথে এগোচ্ছে। এই জয়ের কৃতিত্ব তাঁর চরণেই উৎসর্গ করছি।”
উত্তর হাওড়ার মানুষের উদ্দেশে বার্তা দিতে গিয়ে উমেশ রায়ের দাবি, “এলাকার মানুষ এতদিন ভয়ের মধ্যে ছিলেন, আস্থা হারিয়েছিলেন। সেই পরিবেশ বদলানোই আমাদের প্রথম কাজ।” আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “দুষ্কৃতীর দাপটের দিন শেষ হবে, সুশাসন প্রতিষ্ঠা পাবে।”
পাঁচ বছরের অঙ্গীকার নিয়েও সরব হয়েছেন নবনির্বাচিত বিধায়ক। তাঁর কথায়, “আমি যা বলেছি, তা করবই। প্রতিশ্রুতি পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য।”
রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যে যেমন ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিত রয়েছে, তেমনই রয়েছে ভোট-পরবর্তী পরিস্থিতিতে শক্ত বার্তা দেওয়ার প্রচেষ্টা।