এতদিন দূরপাল্লার যাত্রায় বেসরকারি সংস্থার স্লিপার বাসের উপরেই ভরসা করতে হত যাত্রীদের। এবার সেই ছবিতে বদল আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রীদের আরও আরামদায়ক সফরের সুযোগ করে দিতে রাস্তায় নামতে চলেছে অত্যাধুনিক এসি সরকারি স্লিপার ভলভো বাস। জানা গিয়েছে, ভলভো ৯৬০০ মডেলের চারটি স্লিপার বাস ইতিমধ্যেই এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে সেগুলি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এসবিএসটিসি) দূরপাল্লার রুটে চালানো হবে। পরবর্তী সময়ে আরও কয়েকটি বাস যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু স্লিপার বাস নয়, একাধিক অত্যাধুনিক ভলভো বাসও এসেছে। আপাতত সেগুলিকে কসবা বাস ডিপোয় রাখা হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
দূরপাল্লার যাত্রায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এসি স্লিপার বাস। বিশেষ করে রাতের সফরে আরামদায়ক যাত্রার জন্য বহু যাত্রীর প্রথম পছন্দ এই বাস। উত্তরবঙ্গ থেকে পুরী, বিভিন্ন রুটেই বাড়ছে এর চাহিদা। ট্রেনের টিকিট না মিললে অনেকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন বেসরকারি সংস্থার এই বাস। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে বাসের সংখ্যাও বাড়াচ্ছেন মালিকরা। তবে আরামের পাশাপাশি এই বাসের চড়া ভাড়া নিয়ে আপত্তি রয়েছে যাত্রীদের। দূরপাল্লার থ্রি-এসি ট্রেনের টিকিটের তুলনায় অনেক ক্ষেত্রেই স্লিপার বাসের ভাড়া প্রায় দ্বিগুণ। উৎসবের মরসুমে বা শীতের ছুটিতে সেই ভাড়া পাঁচ হাজার টাকাও ছাড়িয়ে যায়। তাই দীর্ঘদিন ধরেই সরকারি উদ্যোগে স্লিপার বাস চালুর দাবি জানিয়ে আসছেন যাত্রীরা। তাঁদের আশা, সরকারি বাস পরিষেবা চালু হলে যাতায়াতের খরচও অনেকটাই কমবে। এবার যাত্রীদের সেই চাহিদার কথা মাথায় রেখেই সরকারি স্লিপার বাস চালুর পরিকল্পনা করছে সরকার।
সরকারি স্লিপার বাস কোন কোন রুটে চালানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনায় রয়েছে কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর-টাটানগর, কলকাতা-বালুরঘাট এবং পুরুলিয়ার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ রুট। প্রতিটি বাসে প্রায় ৪০ জন যাত্রীর শুয়ে যাতায়াতের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, বেসরকারি বাসের তুলনায় অনেকটাই কম খরচে যাতে সাধারণ মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারেন, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়েই নতুন ভলভো বাসগুলি তৈরি করা হয়েছে বলে পরিবহণ দপ্তর সূত্রে খবর। সাধারণ সিটার বাসে থাকছে বড় মাপের আরামদায়ক আসন। অন্যদিকে, স্লিপার কোচে দীর্ঘ পথের ক্লান্তি কমাতে রাখা হয়েছে প্রশস্ত শোয়ার জায়গা। দামের ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। এক একটি এসি স্লিপার ভলভো বাস কিনতে খরচ পড়ছে প্রায় ২ কোটি টাকা। আর সাধারণ ভলভো বাসের দাম প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডব্লিউবিটিসির জন্য মোট ২৭টি নতুন ভলভো বাস আনা হচ্ছে। সেগুলি পর্যায়ক্রমে রাজ্যে পৌঁছবে। ইতিমধ্যেই দু’টি বাস এসে গিয়েছে। আগামী সোমবার আরও দু’টি বাস আসার কথা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) হাতেও আসছে ১০টি নতুন ভলভো বাস। তার মধ্যে ইতিমধ্যেই চারটি স্লিপার কোচ পৌঁছে গিয়েছে। বাকি ছ’টি হবে সিটার বাস। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাসের ভিতরে রাখা হয়েছে ব্যক্তিগত রিডিং লাইট। পাশাপাশি, মনোরম পরিবেশ বজায় রাখতে থাকছে অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থাও। গেরুয়া ও সাদা রঙের এই বাসগুলির নকশাতেও ফুটে উঠবে বাংলার ঐতিহ্য। হাওড়া ব্রিজ থেকে দক্ষিণেশ্বর মন্দির, বাংলার পরিচিত নানা স্থাপত্যের ছবি দিয়ে সাজানো হয়েছে বাসের বাইরের অংশ।
তবে নতুন এই পরিষেবা চালুর আগে একটি বিষয় নিয়ে চিন্তায় পরিবহণ দপ্তরের কর্তারা। সরকারি বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াতের সুবিধার ক্ষেত্রে দূরপাল্লার রুটে আসন ফাঁকা থাকার সমস্যা দেখা যায়। অনেক সময় অনলাইনে বিনামূল্যে আসন বুক করা হলেও সংশ্লিষ্ট যাত্রীরা শেষ পর্যন্ত বাসে ওঠেন না। ফলে ফাঁকা আসন নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বাস। অত্যাধুনিক স্লিপার কোচের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকছে। তাই এই সমস্যা এড়াতে নতুন কোনও নিয়ম চালু করা হয় কি না, সেদিকেই নজর রয়েছে।