যাদবপুরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা

বারুইপুর বাইপাস থেকে টালিগঞ্জ, প্রায় ২০০০ মানুষের অংশগ্রহণে যাদবপুরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দেশাত্মবোধের বার্তা সামনে রেখে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হল এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বারুইপুর বাইপাস থেকে শুরু হয়ে যাদবপুর হয়ে টালিগঞ্জ পর্যন্ত এই যাত্রায় অংশ নেন প্রায় ২০০০ মানুষ

জাতীয় পতাকা হাতে নিয়ে যাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক বার্তার মধ্য দিয়ে গোটা পথ পরিক্রমা করেন। রাস্তার দু’পাশেও বহু মানুষকে এই যাত্রা দেখতে ভিড় করতে দেখা যায়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোরদার-সহ বিজেপির একাধিক উচ্চপদস্থ নেতৃত্ব ও দলীয় কর্মীরা। যাত্রাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, জাতীয় পতাকার মর্যাদা ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন।