জিএসআইয়ের ১৭৬ বছরের ইতিহাসে প্রথম মহিলা মহাপরিচালক বর্ষা আগলাওয়ে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ১৭৬ বছরের ইতিহাসে নতুন নজির গড়ল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)। দেশের অন্যতম প্রধান ভূ-বিজ্ঞান বিষয়ক সংস্থার ৫৪তম মহাপরিচালক হিসেবে শুক্রবার দায়িত্ব নিলেন বিশিষ্ট ভূ-বিজ্ঞানী বর্ষা অশোক আগলাওয়ে। জিএসআইয়ের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা সংস্থাটির শীর্ষ পদে বসলেন। তিনি অসিত সাহার স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৪ সালের ২৭ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব সামলেছিলেন অসিত।
তিন দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা রয়েছে বর্ষার। ১৯৯২ সালে ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস-এ কর্মজীবন শুরু করার পর জিএসআইয়ে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সংস্থার কেন্দ্রীয় সদর দফতর ছাড়াও মধ্য, উত্তর ও পূর্বাঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে কলকাতায় জিএসআইয়ের পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক ও বিভাগীয় প্রধান ছিলেন তিনি।
জীবাশ্মবিজ্ঞান ও পরাগরেণু-বিজ্ঞানে বিশেষজ্ঞ বর্ষার গবেষণার মূল ক্ষেত্র লেট ক্রিটেশিয়াস-প্যালিওসিন যুগের পাললিক শিলাস্তর, কে-টি বাউন্ডারি এবং সাতপুরা-গোন্ডোয়ানা অববাহিকা। মধ্য ভারতের সালবার্দি-ঘোরপেন্ড এলাকায় ডাইনোসরের ডিম পাড়ার নতুন স্থান চিহ্নিত করার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।
আন্তর্জাতিক স্তরেও গবেষণামূলক কাজের অভিজ্ঞতা রয়েছে বর্ষার। মিশিগান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অফ প্যালিওন্টোলজির সঙ্গে যৌথ গবেষণায় যুক্ত ছিলেন তিনি। ২০২৩ সালে কানাডার টরন্টোয় অনুষ্ঠিত PDAC-এ ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবেও জিএসআইয়ের প্রতিনিধিত্ব করেন। তাঁর নেতৃত্বে দেশের ভূ-বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধান আরও গতি পাবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।