‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ুন’, বেঙ্গালুরুতে এসআইআর বিরোধী আন্দোলনে এবার পথে নামলেন ধ্রুব রাঠি। যোগ দিলেন অভিনেতা প্রকাশ রাজও। সিআইআর বাতিলের দাবিতে CJP-র বিক্ষোভে যোগ দিলেন জনপ্রিয় ইউটিউবার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের আঁচ এ বার বেঙ্গালুরুতেও। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে বড়সড় বিক্ষোভে যোগ দিলেন অভিনেতা-সমাজকর্মী প্রকাশ রাজ এবং ইউটিউবার ধ্রুব রাঠি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ অনিয়মের অভিযোগ তুলে ‘পিপলস ট্রাইব্যুনাল’-এর আয়োজন করে CJP।
সকাল থেকেই ফ্রিডম পার্কে ভিড় জমাতে শুরু করেন সমাজকর্মী, পড়ুয়া এবং নাগরিক সংগঠনের সদস্যরা। বিক্ষোভস্থলে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে মঞ্চে দেখা যায় প্রকাশ ও ধ্রুবকে। স্লোগান ওঠে—‘SIR বাতিল করো’, ‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ো’।
প্রকাশ রাজের দাবি, SIR শুধু ভোটার তালিকা সংশোধনের বিষয় নয়, এর সঙ্গে নাগরিকের ভোটাধিকার জড়িত। তাঁর বক্তব্য, জ্ঞানেশ কুমারের পদত্যাগই আন্দোলনের একমাত্র লক্ষ্য নয়। SIR-ই বাতিল করতে হবে। জ্ঞানেশ সরে গেলে তাঁর জায়গায় অন্য কেউ আসবেন, তাই গোটা প্রক্রিয়া বাতিলের দাবিতেই আন্দোলন বলে জানান তিনি। জ্ঞানেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছেন—এমন অভিযোগও করেন প্রকাশ। তবে এটি তাঁর রাজনৈতিক অভিযোগ, যার স্বাধীন প্রমাণ মেলেনি।
অন্য দিকে ধ্রুব রাঠি বলেন, তিনি কোনও ‘সরকার বদলের’ দাবিতে আন্দোলনে আসেননি। তাঁর দাবি, SIR নিয়ে নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং জবাবদিহির অভাব রয়েছে। তিনি এই আন্দোলনকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসাবেও বর্ণনা করেন।
CJP-র দাবি, SIR চলাকালীন বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এ দিন ‘পিপলস ট্রাইব্যুনাল’-এ এমন কয়েক জন নিজেদের অভিজ্ঞতার কথা জানান, যাঁদের দাবি, তাঁরা একই ঠিকানায় থাকা সত্ত্বেও তালিকায় ‘শিফটেড’ বা ‘অনুপস্থিত’ হিসাবে চিহ্নিত হয়েছেন।
ট্রাইব্যুনালের পর ‘চপ্পল প্রতিবাদ’-এরও ডাক দিয়েছে CJP। মহিলা সাংবাদিকদের সঙ্গে কথিত দুর্ব্যবহারের প্রতিবাদে এই কর্মসূচি বলে আয়োজকদের দাবি। এর পর আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরেও ফের বিক্ষোভের কর্মসূচি রয়েছে CJP-র।