বক্স অফিসে সাফল্যের পর ওটিটিতে ‘হনুমান অংশ’

প্রেক্ষাগৃহে সাফল্যের পর এ বার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ‘হনুমান অংশ’। নিম করোলি বাবা, অর্থাৎ ভক্তদের কাছে পরিচিত ‘মহারাজজি’-র জীবন ও আধ্যাত্মিক দর্শনকে কেন্দ্র করে তৈরি এই ছবি আগামী ২৭ নভেম্বর থেকে দেখা যাবে সোনি লিভে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

ছবির গল্প আবর্তিত হয়েছে লক্ষ্মীনারায়ণ নামে এক তরুণকে ঘিরে। ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়ে সে। সেই যাত্রাপথে বিশ্বাস, আত্মঅনুসন্ধান এবং মানবিক মূল্যবোধের নানা স্তরের সঙ্গে তার পরিচয় ঘটে। নিম করোলি বাবার জীবন ও আধ্যাত্মিক ভাবনার অনুপ্রেরণায় তৈরি ছবিটি দর্শকদের আবেগে ছুঁয়ে গিয়েছে বলে দাবি নির্মাতাদের।

ওটিটি মুক্তি নিয়ে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার চিফ কনটেন্ট অফিসার অজয় ভালওয়ানকর বলেন, শক্তিশালী গল্প যখন দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করে, তখন তার প্রভাব প্রেক্ষাগৃহের গণ্ডি পেরিয়ে যায়। ‘হনুমান অংশ’-এর যাত্রাও তেমনই বলে তাঁর দাবি। তাঁর কথায়, ছবিটি দেশ-বিদেশের বহু পরিবারের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। এ বার ডিজিটাল এবং লিনিয়ার—দুই মাধ্যমেই দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’ বক্স অফিসেও নজর কেড়েছে। নির্মাতাদের দাবি, দেশের বক্স অফিসে ছবির আয় ৩০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শোভিনব সত্যা। তাঁর সঙ্গে দেখা যাবে বিহান শেডগে, চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগী, গুলশন পাণ্ডে এবং ভাগবন্দাস পটেলকে।

আধ্যাত্মিকতা, বিশ্বাস এবং আত্মসন্ধানের গল্পকে কেন্দ্র করে তৈরি এই ছবি প্রেক্ষাগৃহের পর এ বার ওটিটি দর্শকদের মনেও কতটা দাগ কাটে, সেটাই দেখার।