অনুপ্রিয়াকে সাফল্যের শিখরে পৌঁছে দিল ‘হনুমান অংশ’

ব্যর্থতার মুখ থেকে ঘুরে দাঁড়াল ‘হনুমান অংশ’। সহ প্রযোজক অনুপ্রিয়া নাগর জ়ুরিখে ফিরে যাওয়ার কথা ভাবলেও এখন পরিকল্পনা বাতিল করছেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : মুক্তির পর প্রথম দিকে বক্স অফিসে সাড়া মেলেনি। প্রেক্ষাগৃহে কমতে কমতে ‘হনুমান অংশ’-এর শো সংখ্যা নেমে এসেছিল ৩০-এ। পরিস্থিতি এমনই হয়েছিল যে, এক দিনের মধ্যে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছিল। কিন্তু সেখান থেকেই নজিরবিহীন ভাবে ঘুরে দাঁড়ায় বিশাল চতুর্বেদী পরিচালিত ছবি। বর্তমানে ছবিটির সাফল্য তাক লাগিয়ে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিকে।

ছবিটির সহ-প্রযোজক ২১ বছর বয়সি অনুপ্রিয়া নাগর সম্প্রতি সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন। তাঁর কথায়, ছবিতে টাকা বিনিয়োগ করে কোনও আক্ষেপ ছিল না। বরং দর্শক ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে আসছেন না— সেটাই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল।

এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া বলেন, “আমরা টাকা উপার্জন করতে পারছি না বলে মনখারাপ হয়নি। দুঃখ পেয়েছিলাম কারণ, মানুষ ছবিটা দেখতে আসছিলেন না। বুঝতে পারছিলাম না, ভক্তেরা ছবিটি দেখতে যাচ্ছেন না, নাকি যাচ্ছেন কিন্তু পছন্দ করছেন না।”

মুক্তির অষ্টম দিনে ছবিটির শো ৩০০ থেকে কমে মাত্র ৩০ হয়ে যায়। পরিস্থিতি দেখে ইন্ডাস্ট্রি ছেড়ে জ়ুরিখে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন অনুপ্রিয়া। কিন্তু পরের দু’দিনেই ছবির বক্স অফিস আয় ২২ শতাংশ বেড়ে যায়। ধীরে ধীরে দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ছবির কথা। বদলে যায় ছবির ভাগ্যও।

ছবির প্রচারের দায়িত্বও অনেকটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অনুপ্রিয়া। তাঁর দাবি, মুক্তির আগে কম বাজেট, নতুন পরিচালক এবং তুলনায় অপরিচিত অভিনেতাদের কারণে বহু বিনিয়োগকারী ছবিটি নিয়ে সংশয়ে ছিলেন। অনেকেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

কিন্তু সাফল্যের পর পরিস্থিতি বদলেছে। যাঁরা আগে বিনিয়োগ করেননি, তাঁদের অনেকেই এখন যোগাযোগ করে অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ নিজেদের সিদ্ধান্তের জন্য ক্ষমাও চেয়েছেন।

নীম করোলী বাবার জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিটি তৈরি হয়েছে ২ কোটি টাকারও কম বাজেটে। বর্তমানে ভারতে ছবিটির আয় ৩৩১.৭০ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় ৩৬৬.৪৫ কোটি। ছোট বাজেটের ছবি যে বড় সাফল্য এনে দিতে পারে, ‘হনুমান অংশ’ তারই নজির হয়ে উঠেছে।