হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সোনারপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা হাতে পথে পড়ুয়ারাও।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে সোনারপুরে পালিত হল ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচি। বুধবার হরিনাভি থেকে এই কর্মসূচির সূচনা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক-সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রূপা গাঙ্গুলী।
হরিনাভি থেকে কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে পর্যন্ত জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সোনারপুরের একাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রত্যেকের হাতেই ছিল জাতীয় পতাকা। দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বিধায়ক রূপা গাঙ্গুলী বলেন, ছাত্রছাত্রীদের মুখে ‘বন্দেমাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান শুনে তিনি উচ্ছ্বসিত। তাঁর কথায়, এই দিনের অপেক্ষাতেই তাঁরা ছিলেন।
স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই জেলা প্রশাসনের উদ্যোগে এই ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করা হয়।