ফুটপাথে শিশুর দুধ গরম, ভাইরাল ভিডিয়ো নিয়ে ফের ব্যাখ্যা অগ্নিমিত্রার।

কলকাতা: শহরের ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করতে দেখে এক মহিলাকে সরিয়ে দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিতর্কে জড়িয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিরোধীদের একাংশ তাঁকে ‘অমানবিক’ বলে আক্রমণ করেছিল। সোমবার নিজের সমাজমাধ্যমে সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে অগ্নিমিত্রার দাবি, তাঁর উদ্দেশ্য ছিল দুর্ঘটনা এড়ানো, কাউকে অপমান করা নয়।
মন্ত্রীর বক্তব্য, পার্ক স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় ফুটপাথের উপর কেরোসিনের স্টোভ জ্বালিয়ে দুধ গরম করা অত্যন্ত বিপজ্জনক। তাঁর কথায়, ‘‘ব্যস্ত রাস্তা, সারাক্ষণ গাড়ি ছুটছে। প্রায় রাস্তার লেভেলে ফুটপাথ। সেখানে মাস ছয়েকের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, কাছাকাছি কোনও অভিভাবক নেই। কোনও দুর্ঘটনা হলে দায় নেবে কে?’’
অগ্নিমিত্রার দাবি, ফুটপাথের উপর একটি বড় পাত্রে দুধ গরম করা হচ্ছিল। পাশে জ্বলছিল স্টোভ, তারই মধ্যে পথচারী এবং স্কুলপড়ুয়াদের যাতায়াত চলছিল। তাঁর আশঙ্কা, অসাবধানতায় আগুন বা অন্য কোনও দুর্ঘটনা ঘটতে পারত।
বিরোধীদের সমালোচনার জবাবও দিয়েছেন মন্ত্রী। তাঁর কটাক্ষ, ‘‘অনেক কান্নাকাটি শুনলাম। কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে ওই পরিবারের কাছে যায়নি। সবাই রাজনীতির আগুনে রুটি সেঁকেছে।’’ তাঁর দাবি, ফুটপাথ দখলমুক্ত রাখার প্রশ্নে ধনী-গরিবের কোনও বিভাজন করা হবে না। ‘‘ফুটপাথ বড়লোকেরও নয়, গরিবেরও নয়। ফুটপাথ মানুষের জন্য,’’ মন্তব্য তাঁর।
শহরের সৌন্দর্যায়নের সঙ্গে বিষয়টি জুড়ে অগ্নিমিত্রার বক্তব্য, রাজ্যে নতুন বিনিয়োগ এবং শিল্প আনার চেষ্টা চলছে। কিন্তু শহরের রাস্তায় যানজট, অপরিচ্ছন্নতা বা ফুটপাথ দখল হয়ে থাকলে শিল্পপতিদের কাছে নেতিবাচক বার্তা যাবে।
তবে ভাইরাল ভিডিয়োয় তাঁর কথা বলার ধরন নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা কার্যত মেনে নিয়েছেন মন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, ‘‘আমি হয়তো চিৎকার করে বলেছি। সেটা হয়তো আর একটু নরম করে, আর একটু বুঝিয়ে বলা উচিত ছিল।’’
ঘটনার মূল বক্তব্য নিয়ে অনড় থাকলেও, বলার ভঙ্গি নিয়ে এই স্বীকারোক্তিতে বিতর্ক কিছুটা প্রশমিত হয় কি না, এখন সেটাই দেখার।