“রাজ্যে ধনীদের সাহায্য করা হচ্ছে, গরিবদের নয়।”

মাম্পি রায়, সাংবাদিক : বিধানসভা নির্বাচনের আবহে হুগলির শ্রীরামপুরে সভা থেকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবারের এই জনসভায় তিনি একই নিশানায় বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে। তাঁর অভিযোগ, দু’জনেই গরিব মানুষের স্বার্থের বদলে ধনীদের স্বার্থ রক্ষা করছেন এবং ক্ষমতা দখলেই বেশি আগ্রহী।
সভা থেকে রাহুলের কটাক্ষ, “প্রধানমন্ত্রী নিজেকে দেশভক্ত বলেন, কিন্তু দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও সাধারণ মানুষের জন্য কাজ করছেন না। তাঁর কথায়, “রাজ্যে ধনীদের সাহায্য করা হচ্ছে, গরিবদের নয়। আর কেন্দ্রেও একই চিত্র।”
কংগ্রেস নেতা অভিযোগ করেন, কর্মসংস্থান তৈরি নিয়ে কেন্দ্র বা রাজ্য—কোনও সরকারই কার্যকর উদ্যোগ নিচ্ছে না। “ওরা শুধু ক্ষমতা চায়, মানুষের জন্য কাজ করে না,”—মন্তব্য তাঁর। পাশাপাশি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেন, “তিনি যেখানে যান, সেখানে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করেন।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে মতাদর্শের লড়াই হিসেবে তুলে ধরেন রাহুল। তাঁর দাবি, “এটা কংগ্রেসের ঐক্য ও ভ্রাতৃত্বের ভাবনার সঙ্গে বিজেপি ও আরএসএসের ঘৃণা ও হিংসার রাজনীতির লড়াই।” এই বক্তব্যে স্পষ্ট, ভোটের ময়দানে আদর্শগত বিভাজনকে সামনে আনতেই চাইছে কংগ্রেস।
অর্থনৈতিক নীতির প্রসঙ্গ টেনে তিনি ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। নোটবন্দি এবং পণ্য ও পরিষেবা কর (GST) প্রয়োগের সমালোচনা করে বলেন, এই সিদ্ধান্তগুলি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বড় ধাক্কা দিয়েছে। তাঁর মতে, ভুল পদ্ধতিতে GST চালু করার ফলে ব্যবসায়ী মহল সমস্যায় পড়েছে।
একই সঙ্গে বাংলার শিল্প পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন রাহুল। তাঁর দাবি, একসময় পশ্চিমবঙ্গ দেশের শিল্পের অন্যতম কেন্দ্র ছিল। কিন্তু প্রথমে বামফ্রন্ট সরকার এবং পরে তৃণমূল কংগ্রেস—দু’পক্ষের শাসনেই সেই শিল্পভিত্তি ধ্বংস হয়ে গিয়েছে।
সব মিলিয়ে, নির্বাচনের আগে এই সভা থেকে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিলেন রাহুল গান্ধী। ভোটের আগে এই ধরনের আক্রমণাত্মক অবস্থান রাজ্যের রাজনৈতিক লড়াইকে যে আরও তীব্র করবে, তা বলাই বাহুল্য।