পুরভোটে হাই কোর্টের স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে রাজ্য!

কলকাতা পুরভোট নিয়ে কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহেই মামলার শুনানি হতে পারে। ফলে পুরভোটের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকে তাকিয়ে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয় সরকার। ১৪৪টি ওয়ার্ড বাড়িয়ে ২০৯টি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধীরা। বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে। মামলার শুনানিতে আদালত জানায়, আগে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে হবে, তার পর পুরভোট। ফলে কবে ভোট হবে, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দীর্ঘদিন ধরে কলকাতা-সহ একাধিক পুরসভা ও পুরনিগমে ভোট হয়নি। বেশ কয়েকটি পুরবোর্ড ভেঙে যাওয়ার পর সেখানে প্রশাসকের মাধ্যমে কাজ চলছে। ফলে দ্রুত ভোট করানোর পক্ষে সওয়াল করেছিল রাজ্য। কারণ, নির্বাচিত পুরবোর্ড না থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে সরকারের দাবি। নভেম্বরের শেষ দিকে পুরভোট হতে পারে বলে জল্পনা ছিল। হাই কোর্টের নির্দেশে সেই সম্ভাবনাও আপাতত ধাক্কা খেয়েছে।

এর মধ্যেই হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও শুক্রবার কলকাতা হাই কোর্টে পৃথক মামলা হয়েছে। ফলে কলকাতা ও হাওড়া—দুই পুরসভার নির্বাচন নিয়েই নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা সচল রাখতে কলকাতা ও হাওড়ার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ ডিসেম্বর থেকে তাঁরা কাজ করবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিজেপির লোকজনই ওই দায়িত্বে থাকবেন।

হাই কোর্টের নির্দেশের পরই রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মামলা দায়ের হল শীর্ষ আদালতে। এখন সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর রাজ্য সরকার, বিরোধী দল এবং সাধারণ মানুষের। আদালতের সিদ্ধান্তেই অনেকটা স্পষ্ট হবে—পুরভোটের জট কবে কাটবে, আর কবে কলকাতা ও হাওড়ায় ফিরবে নির্বাচিত পুরবোর্ড।