রিষড়া-শ্রীরামপুরের বাঙুর পার্কে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চার তলা পর্যন্ত নির্মাণের অনুমতি নিয়েই তৈরি করা হয়েছে ছ’তলা বহুতল। শুধু তাই নয়, নির্মাণের পর থেকেই বিল্ডিংটি এক দিকে প্রায় ১৫ ইঞ্চি হেলে রয়েছে বলেও দাবি তাঁদের। আর সেই বহুতলের পাশেই রয়েছে একটি স্কুল। ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়েরা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
বাসিন্দাদের অভিযোগ, পুরসভার অনুমতিকে কার্যত উপেক্ষা করেই অতিরিক্ত দু’টি তলা নির্মাণ করা হয়েছে। তাঁদের আরও দাবি, বহুতলটির একাংশ এতটাই হেলে রয়েছে যে, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।
এই নির্মাণকে ঘিরে রাজনৈতিক যোগের অভিযোগও তুলেছেন স্থানীয়েরা। তাঁদের দাবি, তৃণমূলের আমলে প্রোমোটার উদয় সিং এই বহুতল নির্মাণ করেন। বর্তমানে তিনি ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শশী সিংয়ের স্বামী। উল্লেখযোগ্য, শশী আগে তৃণমূলের কাউন্সিলর ছিলেন। স্থানীয়দের আরও অভিযোগ, শশী তৃণমূলে থাকার সময়ে উদয় এলাকায় ২০ থেকে ২৫টিরও বেশি বহুতল নির্মাণ করেছিলেন।
ইতিমধ্যেই নির্মাণ সংক্রান্ত অভিযোগ জানিয়ে পুরসভা, স্থানীয় থানা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন বাসিন্দারা। যদিও তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
স্থানীয়দের দাবি, অবিলম্বে বহুতলটির অনুমোদন, নকশা এবং নির্মাণ সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা হোক। পাশাপাশি বিশেষজ্ঞদের দিয়ে ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ করুক প্রশাসন। স্কুলের পাশের এই হেলে থাকা বহুতল নিয়ে আতঙ্কে থাকা বাসিন্দাদের প্রশ্ন— বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই কি প্রশাসনের টনক নড়বে?