একদিকে চলবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা আর অন্যদিকে চলবে স্কুলের পঠনপাঠন। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এমনই ছবি দেখতে মিলবে স্কুলে স্কুলে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমেস্টার সিস্টেমে হচ্ছে। তৃতীয় সেমেস্টার তৃতীয় সেমেস্টার হবে ১ ঘন্টা ১৫ মিনিটের। তাই পরীক্ষার পর চলবে স্কুলের অন্যান্য ক্লাসের পঠনপাঠন।

নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি:- ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারটি সেমেস্টার হবে। দ্বাদশ শ্রেনীর তৃতীয় সেমেস্টার হবে সেপ্টেম্বরে। সেমেস্টার হওয়ায় পরীক্ষার সময়সীমা অনেকটা কমে যাচ্ছে। তৃতীয় সেমেস্টার হবে ১ ঘন্টা ১৫ মিনিটের। পরীক্ষা শুরু সকাল ১০ টা থেকে চলবে ১১:১৫ মিনিট পর্যন্ত। মাত্র দেড় ঘন্টার পরীক্ষার জন্য পুরো স্কুল বন্ধ না রেখে বেলা সাড়ে ১২টার পর থেকে ক্লাস চালু করা যেতে পারে নবম-দশম এবং একাদশ শ্রেণির।এই মর্মে কয়েকদিন আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে একটি চিঠি দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবে মান্যতা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা অনেকটাই কম তাই পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ স্কুল বন্ধ না রেখে বেলা সাড়ে ১২টার পর থেকে ক্লাস চালু করে রাখা যেতে পারে নবম-দশম এবং একাদশ শ্রেণির।

মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে আরও জানিয়েছে, যে সমস্ত স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার থাকবে সেখানে যে দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকবে সে দিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস সাসপেন্ড থাকবে। তার পাশাপাশি এও উল্লেখ করা হয়েছে যে ওই দিনগুলিতে বেলা সাড়ে ১২টা থেকে নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস চলবে। অর্থাৎ যে সমস্ত স্কুল উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হবে সেখানে ক্লাস বন্ধ হচ্ছে না। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারন সম্পাদক কিংকর অধিকারীর বক্তব্য, “ঐ সময় একাদশ শ্রেণির সেমিস্টার ১-এর পরীক্ষা চলবে। কি করে ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হলো বুঝতে পারলাম না। একাদশ শ্রেণির পরীক্ষা যে নিতে হবে সেটা কি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ভুলে গেলেন? কি আর বলবো। ভুল সংশোধন হোক স্পষ্ট নতুন নির্দেশিকা বের করা হোক।”

প্রসঙ্গত, আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার। ওএমআর শিটে নেওয়া হবে এই পরীক্ষা । প্রতিবছরের মতো এবারও উচ্চমাধ্যমিকের পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবার কম সময়ের পরীক্ষা তাই পরীক্ষার পরে ক্লাস নেওয়া হবে, সেক্ষেত্রে পরের দিনের পরীক্ষার নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা থেকে যায়। যেমন প্রত্যেক পরীক্ষার্থীর টেবিলে নির্দিষ্ট সিট নম্বর দেওয়া থাকে। তা স্কুলের ছাত্রছাত্রীরা ছিঁড়ে ফেলতে পারে। তবে সেক্ষেত্রে স্কুলের শিক্ষকদের নজরদারি থাকবে বলে আশা বা বক্তব্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।