প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার বা প্রথম পর্বের পরীক্ষার ফল। প্রথম পর্বের পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ৩১ অক্টোবর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্ব বা তৃতীয় সেমেস্টার ফল। এবার প্রথম উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা হয়েছে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষা হয়েছে ওএমআর শিটে। প্রথম পর্বের পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবে সংসদ। কোথায়, কোন কোন ওয়েবসাইটে কী ভাবে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, তা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

চলতি বছর ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল উচ্চ-মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা । ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই পরীক্ষা। পুরো দেশের মধ্যে প্রথম এ রাজ্যেই ক্লাস টুয়েলভে এই সেমেস্টার সিস্টেম চালু হয়েছিল বলে জানিয়েছিলেন সংসদ সভাপতি। জানা গিয়েছে, এই বছর ৬ লক্ষ ৬০ হাজার ৩৪৩ পরীক্ষার্থীর এনরোলমেন্ট ছিল। তার মধ্যে ৯৮.৪২ শতাংশ পরীক্ষায় বসেছেন। রাজ্যজুড়ে ২১০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয় । এবার ১২২ টি কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে ধরা হয়। গতবছর এই সংখ্যাটি ছিল ১৩৬ টি।এবার প্রতিটি পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে নূন্যতম দুই জন ইনভিজিলেটর নিরীক্ষণের দায়িত্বে ছিলেন। পরীক্ষায় স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে একাধিক কড়া ব্যবস্থা নেয় সংসদ। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রগুলির মূলগেটে এবং ভেন্যু সুপারভাইজরের কক্ষে সিসিটিভি দিয়ে নজরদারী ছিল। হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে প্রতিটি কেন্দ্রে ঢোকার মুখে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। এবার ফলপ্রকাশের অপেক্ষায় পরীক্ষার্থীরা। সেই ফলপ্রকাশ হবে ৩১অক্টোবর।

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, https://result.wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকলেই নিজেদের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বেলা ১টা থেকে ফল জানতে পারা যাবে এরপর দুপুর দু’টোর পর থেকে রেজাল্ট ডাউনলোড ও প্রিন্ট করানো যাবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে। সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীদেরকে প্রধানশিক্ষক রেজাল্ট ডাউনলোড করে স্ট্যাম্প-সহ স্বাক্ষর করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেবেন। তৃতীয় সেমেস্টারের আনুষ্ঠানিক ফলপ্রকাশের দিন
সম্ভাব্য প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবেন সংসদ সভাপতি। তবে চূড়ান্ত মেধাতালিকা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরই দেওয়া হবে। তখন পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ডকপিও হাতে পাবে বলেও জানিয়েছে সংসদ।