পশ্চিমবঙ্গ থেকে পুণ্যার্থীদের নিয়ে পুরীর পথে যাওয়ার সময় ওড়িশার জাজপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। শুক্রবার সকালে বদাচনা থানা এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসে তখন ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর মেলেনি। তবে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় আচমকা ঝাঁকুনিতে বাসের ভিতরেই ছিটকে পড়েন অনেকে। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও শরীরের বিভিন্ন অংশে চোট রয়েছে। আচমকা এই ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়।
দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। বাসের ভিতরে আটকে থাকা এবং আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁদের সেখানেই চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাসের গতি বেশি ছিল কি না, চালকের চোখে ঘুম নেমে এসেছিল কি না, নাকি ভোরের কম দৃশ্যমানতার কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি নজরে আসেনি সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।