আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল পুজোয় অসুর বৃষ্টিই। কিন্তু সেই পূর্বাভাস এই ছবি দেখাবে, তা কল্পনারও বাইরে। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৭ জনের।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ বানভাসি কলকাতায় এ কোন ছবি! গোটা কলকাতা এই মুহূর্তে জলের তলায় আর সেই জমা জলেই ভাসছে দেহ! জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৭ জন। পুজোর আগে এই ভয়াবহ বৃষ্টিতে একধাক্কায় ৭টা পরিবার দিশেহারা।

বৃষ্টি হলে শহর কলকাতায় জল জমা নতুন কিছু নয়। কিন্তু সোমবারের বৃষ্টির পর মঙ্গলবার শহর কলকাতার যে ছবি তা শিউরে ওঠার মতই। মঙ্গলবার সকালে একবালপুরের হোসেন শাহ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। একবালপুর থানা এলাকার হোসেন শাহ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জীতেন্দ্র সিংহ নামে বছর ৬০-এর এক প্রৌঢ়ের। ভোর ৫টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, নেতাজিনগর এবং বেনিয়াপুকুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ২জন। কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত কুন্ডুর নেতাজিনগর বাসস্ট্যান্ডের কাছে একটি ফলের দোকান রয়েছে, অন্য দিনের মতো মঙ্গলবার সকালেও দোকান খুলতে নেতাজিনগর বাসস্ট্যান্ডে পৌঁছোন তিনি। সাইকেলে চেপে সেখানে যান তিনি। বাসস্ট্যান্ডের কাছে একটি বাতিস্তম্ভের গায়ে সাইকেলটি হেলান দিয়ে রাখতে যান। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। প্রায় ঘণ্টা দেড়েক পরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। গড়িয়াহাটেও এক জনের দেহ উদ্ধার হয়েছে। বেনিয়াপুকুরে সিআইটি রোডে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ সংলগ্ন জলমগ্ন এলাকায় উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। পুলিশের অনুমান, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়েই প্রাণ হারিয়েছেন। গড়ফাতেও এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়েছে। হরিদেবপুর কবরডাঙায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সকাল বেলা কাজে গিয়েই মৃত্যু হয় তাঁর। ওই কবরডাঙার স্থানীয় একটি কারখানায় কাজ করেন তিনি। মঙ্গলবার সকালে কারখানায় গিয়ে শাটার তোলার পর বিদ্যুৎ মিটার চালু করতেই তৎক্ষণাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
বেলা ১২টা অবধিও বেশিরভাগ রাস্তাই জলমগ্ন। অন্যদিকে আকাশের মুখও ভার। এই আবহে আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও বেগতিক হবে। ট্রেন মেট্রো সব কিছুই চলছে মারাত্মক লেটে। পুজোর মুখে এহেন দুর্যোগের হাত থেকে মুক্তি কবে? উত্তর খুজছেন সকলেই।