একটানা বৃষ্টিতে ধসে পড়ল বাড়ি, চাপা পড়ে জখম পরিবারের ২ শিশু ও মহিলা

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা : লাগাতার বৃষ্টিতে কাঁচা ইটের দেওয়াল ধসে জখম হলেন একই পরিবারের ২ শিশু ও ৩ মহিলা। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী শহরের ৩ নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায়। আবাসের বাড়ির জন্য বারেবারে আবেদন জানানোর পরেও বাড়ির সুবিধা না মেলাতেই এমন দূর্ঘটনার শিকার হতে হল বলে দাবি পরিবারের।

বাঁকুড়ার সোনামুখী শহরের ৩ নম্বর ওয়ার্ডের রাজপুত কালীতলা এলাকায় মাটি ও ইট দিয়ে তৈরী দেওয়ালের উপর শতছিদ্র টিনের ছাউনির বহু পুরানো একটি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন পেশায় কাঠের মিস্ত্রী সনৎ বাউরী। আবাস প্রকল্পে বাড়ি তৈরীর জন্য তৃনমূল আমলে বারেবারে এলাকার কাউন্সিলার তথা স্থানীয় বিধায়ক দিপালী সাহার দ্বারস্থ হয়েছিলেন সনৎ বাউরী। সমস্ত নথিপত্র জমা দিয়ে বারেবারে আবেদন জানানো হয়েছিল পুরসভা থেকে শুরু করে ব্লক স্তরে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। অগত্যা পুরানো জরাজীর্ণ বাড়িতেই কোনোক্রমে মাথা গুঁজে বসবাস করে আসছিল পরিবারটি। নিম্নচাপের জেরে গত ৩ দিন ধরে দফায় দফায় বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলায়। আর এই বৃষ্টিতেই এবার ধসে পড়ল বাড়ির একটি দেওয়াল।
জানা গেছে গতকাল গভীর রাতে বাড়ির মধ্যে যখন সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন তখন আচমকাই বাড়ির একটি দেওয়াল হুড়মুড় করে ধসে পড়ে সনৎ বাউরীর মা, বোন, পিসি ও দুই নাবালিকা মেয়ের উপর। দেওয়াল ধসে পড়ার শব্দ পেতেই পাশের কক্ষে থাকা সনৎ ও তাঁর স্ত্রী ছুটে আসেন। ছুটে আসেন প্রতিবেশীরাও। তড়িঘড়ি ভেঙে পড়া দেওয়ালের ধ্বংসস্তূপ সরিয়ে দুই নাবালিকা কন্যা সহ পাঁচ জনকে উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি বারেবারে আবেদনের পরেও আবাস প্রকল্পের সুবিধা পেলে এভাবে দূর্ঘটনার শিকার হতে হত না ২ শিশু সহ ওই ৫ মহিলাকে।