বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতির হেলিকপ্টার ?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই মুহূর্তে তিনি রয়েছেন চার দিনের কেরালা সফরে আর তার দ্বিতীয় দিনে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী থাকল প্রমাদমের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়াম। শবরীমালায় যাওয়ার পথে হেলিকপ্টারে নামার সময় স্টেডিয়ামের নতুন তৈরি হেলিপ্যাডে নামতে গিয়ে হেলিকপ্টারের চাকা কংক্রিটের দুর্বল অংশে আটকে যায়। পরে পুলিশের ও দমকল বাহিনীর কর্মীদের ঠেলাঠেলিতে সেই চাকা গর্ত থেকে বের করে আনা হয়। ঘটনার কথা জেনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালে কেরালার প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাড ছুঁতেই হেলিকপ্টারের ওজনে তার একটি অংশ ভেঙে পড়ে। তাতে হেলিকপ্টারটি এক দিকে হেলে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত সেটিকে সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে।

ঠিক কীভাবে ঘটল এই ঘটনা? জানা যাচ্ছে যে প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি গাড়িতেই পাম্বার উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার রাতেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে রাষ্ট্রপতির কপ্টার অবতরণ করবে। আগে পাম্বার কাছে নিলাকলে অবতরণ করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে স্থান বদল করা হয়। শেষ মুহূর্তেই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে হেলিপ্যাড তৈরি হওয়ায় কংক্রিট জমেনি। সেই কারণে হেলিকপ্টারের ওজন নিতে পারেনি। কপ্টারের চাকা যেখানে ছিল, সেখানে ফাটল ধরেছে।

এই খবর পাওয়ামাত্রই এক বড় বিপদ এড়ানো গেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।’ এদিন ঘটনার পর রাষ্ট্রপতি মুর্মু বুধবার শবরীমালায় ভগবান আয়াপ্পা মন্দিরে প্রার্থনা করেন। শবরীমালা দর্শনের পর, তিনি সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ফিরে আসবেন। বৃহস্পতিবার, তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন।