মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকবে ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি বাহিনী। কমিশনের মতে, এই অঞ্চলগুলিতে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিল নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণায় জানা গিয়েছে, প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যের একাধিক স্পর্শকাতর জেলায় এই বাহিনী ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
কমিশনের সূচি অনুযায়ী, প্রথম দফাতেই উত্তরবঙ্গের অধিকাংশ জেলার ভোটগ্রহণ সম্পন্ন হবে। এই তালিকায় রয়েছে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (Uttar Dinajpur), দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) এবং মালদা (Malda)। পাশাপাশি জঙ্গলমহলের জেলাগুলি— ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia) ও বাঁকুড়াতেও (Bankura) প্রথম দফায় ভোট হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) এবং পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman)।
নিরাপত্তা মোতায়েনের নিরিখে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলাকে। এই জেলাকে দুই পুলিশ জেলায় ভাগ করে মোট ৩১৬ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় থাকবে ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি। কমিশনের মতে, এই অঞ্চলগুলিতে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
মুর্শিদাবাদের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), যেখানে মোতায়েন করা হচ্ছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই জেলারই গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) ভোট রয়েছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের পবিত্র কর।
এছাড়া পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় ২৭১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে, বাঁকুড়াতে (Bankura) ১৯৩ কোম্পানী, বীরভূমে (Birbhum) ১৭৬ এবং মালদায় (Malda) ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে।
এছাড়াও পুরুলিয়ায় (Purulia) ১৫১, কোচবিহারে (Cooch Behar) ১৪৬ এবং দক্ষিণ দিনাজপুরে (Dakshin Dinajpur) ৮৩ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তুলনামূলকভাবে কম বাহিনী থাকছে কালিম্পঙে (Kalimpong) -২১ কোম্পানি, দার্জিলিঙে (Darjeeling)- ৬১ কোম্পানি এবং ঝাড়গ্রামে (Jhargram) – ৭৪ কোম্পানি।
উত্তর দিনাজপুর জেলাকেও ইসলামপুর ও রায়গঞ্জ—এই দুই পুলিশ জেলায় ভাগ করে যথাক্রমে ৬১ ও ৭১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি শিলিগুড়ি ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে সোমবারের মধ্যে সমস্ত বাহিনী মোতায়েন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।