গত মরসুমে সেরা পাঁচে শেষ করেই থামতে চান না হৃতিক রোশন। এ বার লক্ষ্য আরও বড়—ট্রফি। আইএসপিএল-এর চতুর্থ মরসুমের আগে নিলামের পর নতুন করে ১৮ সদস্যের দল সাজিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বেঙ্গালুরু স্ট্রাইকার্স। দলে যেমন এসেছে অভিজ্ঞতার ছোঁয়া, তেমনই রয়েছে এক ঝাঁক নতুন মুখ। নিলামে যোগেশ পেনকর এবং সুমিত ধেকালের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি গৌরেশ নাগভেকর, ফিরোজ নিজামুদ্দিন শেখ, জায়েদ খান, জিগনেশ পটেল এবং ময়ূর ওয়াঘমারের মতো ক্রিকেটাররাও রয়েছেন দলে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
গত মরসুমে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল বেঙ্গালুরু। সেই সাফল্যকে এবার আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যই স্পষ্ট করে দিয়েছেন দলের মালিক তথা বলিউড অভিনেতা হৃতিক। নতুন মরসুম নিয়ে তাঁর বক্তব্য, ‘‘নতুন মরসুম এবং এই দল কী করতে পারে, তা নিয়ে আমি খুবই উত্তেজিত। বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার দলে এসেছে। দলের ভারসাম্যও ভাল। আমাদের মনে হচ্ছে এ বার ট্রফি জেতার যথেষ্ট সুযোগ রয়েছে।’’
শুধু নিজের দলের সাফল্য নয়, আইএসপিএল-এর বৃহত্তর ভূমিকার কথাও তুলে ধরেছেন হৃতিক। তাঁর মতে, দেশের বহু প্রতিভাবান ক্রিকেটার যথাযথ মঞ্চের অভাবে নজরে আসতে পারেন না। এই লিগ সেই সুযোগ তৈরি করছে। তাঁর আশা, আইএসপিএল থেকে উঠে আসা ক্রিকেটাররা ভবিষ্যতে আরও বড় স্তরে ভারতীয় ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবেন।
এ বার গোয়ায় বসছে আইএসপিএল-এর চতুর্থ আসর। ৬ ডিসেম্বর ২০২৬ থেকে ৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভার্নার ১৯১৯ স্পোর্টজ় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রতিযোগিতা। নতুন মরসুমকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

আইএসপিএল-এর অন্যতম আকর্ষণ অবশ্য তার তারকা মালিকানাও। সালমান খান, অমিতাভ বচ্চন, অজয় দেবগন, সইফ আলি খান ও করিনা কপূর খান, সূর্য এবং রামচরণের মতো তারকারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত।
তবে বেঙ্গালুরুর কাছে এ বার তারকার ঝলক নয়, আসল পরীক্ষা মাঠে। গত বারের সেরা পাঁচ থেকে এ বার সরাসরি শিরোপার দৌড়ে যেতে পারবেন হৃতিকের স্ট্রাইকার্স?