নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কৃতি, কন্যা দিবসে গুরুত্বপূর্ণ বার্তা অভিনেত্রীর

আর প্লাস নিউজ ডিজিটাল ডেস্কঃ নারী সুরক্ষা নিয়ে বহুবার সরব হয়েছেন অভিনেত্রী কৃতি সেনন।আজ কন্যাদিবস উপলক্ষে নারীদের নিরাপত্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিনেত্রী। দৈনন্দিন জীবনে মহিলাদের নানা ধরনের নিরাপত্তাজনিত আশঙ্কায় ভুগতে হয় যেমন, এই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন তিনি।
কৃতি মনে করেন, কন্যাদিবস তখনই সার্থক হবে, যখন মহিলারা রাতে একা বাড়ি ফিরতে পারবেন, অন্ধকার হওয়ার পরেও পার্কে বসতে পারবেন বা ঘুরতে পাড়বেন, নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন এবং কোনও ভয় ছাড়াই বাসে, ট্রেনে বা অটোতে যাতায়াত করতে পারবেন। লিখেছেন অভিনেত্রী।
রাতে একা বাড়ি ফেরার সময় প্রতিটা মহিলার মনেই যে আতঙ্ক থাকে, সেই বিষয়টি নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, “একা হাঁটার সময় বারবার পিছনে ফিরে তাকানো, নিরাপদে বাড়ি পৌঁছোতে পারবেন কি না তা নিয়ে চিন্তা করা— এই অভিজ্ঞতাগুলির কথাই তুলে ধরেছেন তিনি। এমনকি বাড়ি ফেরার পথে ফোনের চার্জ শেষ হয়ে গেলেও একা যাতায়াত করা মহিলাদের উদ্বেগ বেড়ে যায়” বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।
তবে হতাশ হননি কৃতি, তাঁর আশা, “একদিন এমন একটি পৃথিবী তৈরি হবে, যখন কোনও মেয়ে একা যাতায়াত করার সময় শুধু অন্যদের আশ্বস্ত করার জন্য বাড়িতে ফোন বা মেসেজ করতে বাধ্য হবে না। এমন একটি পৃথিবীই মেয়েদের প্রাপ্য এবং সমাজেরও তাঁদের প্রতি সেই দায়িত্ব রয়েছে।”
কিছুদিন আগেই পোশাক-বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। রাখির জন্য একটি সংস্থার বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয় তাঁকে। বিতর্ক এমনই পর্যায় পৌঁছোয় যে, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংস্থার তরফে ওই বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়। তবে নিজের মতামত নিয়ে বরাবরই স্পষ্ট অবস্থান অভিনেত্রীর।