ফের উত্তপ্ত ভাঙড়!

অবৈধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ। আইএসএফ নেতাদের মদত আছে বলে অভিযোগ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : মুখ‍্যমন্ত্রীর হুশিয়ারির পরেও টনক নড়ল না প্রশাসনের। ভাঙড়ে ড্রেন বন্ধ করে গড়ে উঠছে অবৈধ নির্মাণ। কলকাতা পুলিশের হাতিশালা আউট পোস্টের ঢিল ছোড়া দূরত্বে কার্যত হাই ড্রেন বন্ধ করে গড়ে উঠছে সুবিশাল পাঁচিল। আর এই অবৈধ নির্মাণ গড়ে তোলার পিছনে স্থানীয় আইএসএফ নেতাদের মদত আছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় মানুষজন।

রাজ‍্যে পালাবদলের পর অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়ে সমস্ত অবৈধ নির্মাণ বন্ধে নির্দেশিকা জারি করেছিল রাজ‍্য সরকার। তার পরেও ভাঙড়ের হাতিশালা এলাকায় রমরমিয়ে গড়ে উঠছে সুবিশাল পাঁচিল।স্থানীয় মানুষের অভিযোগ, হাই ড্রেন বন্ধ করে কোম্পানির পাঁচিল গড়ে তোলা হচ্ছে। এই বর্ষায় ড্রেন বন্ধ করে নির্মাণ কাজ করার ফলে হাতিশালা এলাকার পাশাপাশি কাঁঠালবেড়িয়া সহ ব‍্যাওতা এলাকার বিস্তৃত গ্রামের জল জমে গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার মানুষজন।

এই অবৈধ নির্মাণ রুখতে স্থানীয় মানুষের পাশাপাশি বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা পথে নামে। তারা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হন। স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করতে নির্মাণ শ্রমিকরা কাজ বন্ধ করে এলাকা ছাড়েন। স্থানীয় মানুষজন বন্ধ ড্রেন খুলে দেয়। ঘটনা ঘিরে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে, এই পাঁচিল নির্মাণ ঘিরে প্রথম থেকে জটিলতা সৃষ্টি হয়। বারুইপুর মহাকুমা আদালতের বিচারক এই কাজের উপরে ১৪৪ ধারা জারি করেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি স্থানীয় মানুষজন জল নিকাশি বন্ধ করে নির্মাণ কাজ করার বিরুদ্ধে লাগাতার সরব হন। এই অবৈধ নির্মাণকাজ নিয়ে বিজেপি নেতা অবনি মন্ডল জানান, প্রশাসন এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ করবে। আইএসএফের নেতৃত্ব এই অবৈধ কাজে মদত দিয়ে করাচ্ছেন। পাল্টা আইএসএফ নেতা আব্দুল মালেক অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ নির্মাণ বন্ধে আমরা থানা পুলিশ কে বারবার জানিয়েছি।