সামনে সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর হাট মশলার দোকান। তার আড়ালেই দীর্ঘদিন ধরে চলে আসছিল চোলাই মদ তৈরীর উপকরণের রমরমা ব্যবসা। গুদামে মজুত ছিল চোলাই তৈরীর টন টন উপকরণ। বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের রাজামেলা গ্রামে গভীর রাতে সেই গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করল বাঁকুড়া জেলা আবগারি দফতর। গ্রেফতার করা হয়েছে গনেশ মাজি নামের এক ব্যবসায়ীকে।

মিলন কর্মকার, নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের রাজামেলা গ্রামে গনেশ মাজির হাট মশলার দোকান রয়েছে। কিন্তু সেই দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই চোলাই মদের উপকরণের ব্যবসা চালিয়ে আসছিলেন ওই ব্যবসায়ী। দোকানের পিছনে রয়েছে বিশাল গুদাম ঘর। সেই গুদাম ঘর থেকেই গোপনে পরিচালনা হত চোলাইয়ের উপকরণের ব্যবসা।
বিশেষ সূত্রে খবর পেয়ে ওই গুদামে একযোগে হানা দেয় আবগারি দফতরের ছাতনা, মেজিয়া ও বড়জোড়া সার্কেলের আধিকারিকেরা। গুদাম থেকে উদ্ধার হয় চোলাইয়ের জন্য ববহারের উপযোগী প্রায় ২ হাজার কেজি গুড়, ৫ কেজি বাখর, নিশাদল ২০ কেজি ও ইস্ট ৬ কেজি। এরপরই গ্রেফতার করা হয় গনেশ মাজি নামের ওই ব্যবসায়ীকে।