সোনমের হয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। কী বলেছেন তাঁর স্ত্রী? বাস্তবের ‘ব়্যাঞ্চো’ সমাজ মাধ্যমে কি বার্তা দিলেন?

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : “আমি ভালো নেই। তবে পরিস্থিতি এখনও এতটাও খারাপ হয়ে যায়নি। আমাকে অনশন ভঙ্গ করার কথা বলবেন না দয়া করে।” অনশন মঞ্চ থেকে বার্তা সমাজকর্মী সোনম ওয়াংচুকের।
২০দিন ধরে দিল্লির যন্তরমন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে অনশন করে চলেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। এই অনশন মঞ্চে সোনম সমাজমাধ্যমে ২০জুলাই সংসদ চলো অভিযানের ডাক দিয়েছেন। মিছিলে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন সমর্থকদের কাছে। এখনও পর্যন্ত সোনমের চিকিৎসা সংক্রান্ত বুলেটিনে যা জানানো হয়েছে তা হল বর্তমানে সোনমের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। ২৪ ঘন্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। কমছে তাঁর ওজন, এখন ওজন কমে প্রায় ৫৭ কেজিতে নেমে এসেছে। অনশন শুরুর পর থেকে এ পর্যন্ত কমেছে প্রায় ৯ কেজি। সোনমের রক্তচাপ ১০৫/৭৬ মিমি এইচজি। রক্তে শর্করার মাত্রা ৮০ মিগ্রা/ডেসিলিটার এবং অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সচেতন ও মানসিকভাবে সজাগ থাকলেও তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এই অবস্থায় একটি ভিডিও বার্তায় সোনম জানিয়েছেন,” আমি ভালো নেই। তবে পরিস্থিতি এখনও এতটাও খারাপ হয়ে যায়নি। ” ভিডিও বার্তায় সোনম এও জানিয়েছেন, তাঁর অনশন যেন ভাঙা না হয়। উলটে তাঁর সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে ‘সংসদ চলো’ মিছিলে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
বাস্তবের ব়্যাঞ্চোর অনশন প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। তিনি বলেন, “নিটের প্রশ্নফাঁসের বিষয়টি উদ্বেগজনক। শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ” সোনমের এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন যেমন তাঁর পরিবার তেমনই বলিউডের বহু অভিনেতা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সোনমের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমন, অভিনেতা অভয় দেওল। “অনেক দূরের লড়াই, সুস্থ থাকতে হবে… দয়া করে..’, সোনম ওয়াংচুককে গভীর বার্তা দিয়েছেন শাবানা আজমির। অন্যদিকে থ্রি- ইডিয়ট সিনেমার চতুর অর্থাৎ ওমি বৈদ্য সোনামের পাশে দাঁড়িয়েছেন । ২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’, যা সোনমের জীবনের উপর নির্ভর করেই তৈরি। দেশ-বিদেশে প্রশংসিত হয় এই ছবিটি, প্রশংসিত হয় ছবির বার্তাও। ছবিটিতে সোনমের চরিত্র দ্বারা অনুপ্রাণিত ফুংসুখ ওয়াংড়ু বা ব়্যাঞ্চো’র চরিত্রটি। আর এই চরিত্রে সিনেমার পর্দায় অভিনয় করেন বলিউড অভিনেতা আমির খান। কিন্তু বাস্তবের ব়্যাঞ্চো’র সঙ্গে এখনও দেখা করতে আসেননি আমির। এমনকি সোনমের এই অনশন নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় কোনও বার্তাও দিতে দেখা যায়নি। তবে ওই সিনেমার ফুংসুক ওয়াংড়ু বা ব়্যাঞ্চোর প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘চতুর’। সেই চতুর অর্থাৎ ওমি বৈদ্য ভিডিও বার্তার মাধ্যমে সোনমের পাশে দাঁড়িয়েছেন।
২০ দিন হয়ে গেল সোনমের অনশন। এতদিনে সরকারের তরফে কোনও যোগাযোগ করা হয়নি তাঁর সঙ্গে। এমনকি প্রধান বিরোধী দল কংগ্রেসকে তেমনভাবে অনশন মঞ্চের কাছে দেখা যায়নি। এমন কি এই অনশন মঞ্চে দেখা মেলেনি কংগ্রেসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেদের। অন্যদিকে এই অবস্থায় তাঁর অনশন ভাঙাতে দিল্লি হাই কোর্টে একটি মামলাও দায়ের হয়েছে। সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন দিল্লি হাইকোর্ট। অনশনরত শিক্ষাবিদ–সমাজকর্মীর জীবন অত্যন্ত ‘অমূল্য’। বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ, সোনম ওয়াংচুককে বাঁচাতে যা যা করার দরকার, তা-ই করতে হবে। তবে অশক্ত শরীরে জোর না থাকলেও অনশনের ২০দিনেও লক্ষ্যে অনড় সোনম ওয়াংচুক।