ঋক পুরকায়স্থ, নিজস্ব সংবাদদাতা: পঞ্চমী থেকে সেই ভাবে বৃষ্টির দেখা পাওয়া যায়নি শহর কলকাতায়। তবে অষ্টমীতে বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। তবে ঠাকুর দেখায় কোনও সমস্যা হয়নি। কিন্তু নবমীতে অশনি সঙ্কেত। বিকেলের পর থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে কি ঝড় জলের মধ্যেই কাটবে নবমীর সন্ধ্যে। তা নিয়ে চিন্তায় অনেকেই।

দেবীপক্ষের সূচনার দিন থেকেও মণ্ডপে মণ্ডপে ভীড় উপচে পড়েছে। সেই ছবি বারবার উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিকেলের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উপকুলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু নবমী নয়, দশমী ও একাদশীতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ নবমীর দিনই ঘনীভূত হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বৃহস্পতিবার ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও বৃষ্টির আশঙ্কা থাকছে কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। তাই ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা, রেনকোট।