“জেগে ওঠো ভারত। সোনম আমাদের সবার ও আমাদের ভবিষ্যতের জন্য অনশন করছেন।”

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : বিজ্ঞানকে তিনি নামিয়েছেন মানুষের জীবনে, শিক্ষাকে পৌঁছে দিয়েছেন পাহাড়ের প্রত্যন্ত গ্রামে, আর অন্যায়ের বিরুদ্ধে তুলেছেন প্রতিবাদের কণ্ঠ। তাই সোনম ওয়াংচুক শুধু একজন বিজ্ঞানী নন, তিনি এক আন্দোলনের নাম। লাদাখের মানুষ, পরিবেশ ও ভবিষ্যতের স্বার্থে আপসহীন লড়াই তাঁকে আজ দেশের অন্যতম প্রভাবশালী জনবুদ্ধিজীবী ও আন্দোলনকর্মীর আসনে বসিয়েছে। সেই আন্দোলনকর্মীই দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে থাকায়, চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন সদস্য তাঁর প্রতি সংহতি প্রকাশ করতে এবং তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানাতে এগিয়ে এসেছেন। সোনি রাজদান ও শাবানা আজমির মতো প্রবীণ অভিনেত্রীরা ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে এই আন্দোলনের জন্য তাঁর কণ্ঠ ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ। অন্যদিকে, স্বরা ভাস্করও তাঁর সমর্থন জানাতে প্রতিবাদস্থলে গিয়েছিলেন।
বলিউড তারকাদের প্রতিক্রিয়া ও সমর্থন….
সুরকার ও গায়ক বিশাল দাদলানি একটি ভিডিও বার্তায় বলেন,”জেগে ওঠো ভারত। সোনম আমাদের সবার ও আমাদের ভবিষ্যতের জন্য অনশন করছেন।”
বলিউডের শীর্ষস্থানীয় বাঙালি সংগীতশিল্পী অরিজিৎ সিংহ এক্স হ্যান্ডেলে লিখেছেন,”আপনার পাশে আছি সোনম ওয়াংচুক স্যার। আপনার জন্য অনেক ভালবাসা।” প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি সোনমের সাহসিকতার প্রশংসা করে বলেছেন, “দেশের মতো মানুষের খুব প্রয়োজন।” পাশাপাশি তিনি সোনমকে অনশন ভেঙে সুস্থ থাকার অনুরোধ করেন। অভিনেত্রী জিনাত আমানও সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সোনমের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন। সোনমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোনাক্ষী সিংহ, ফতিমা সানা শেখ, অদিতি রাও হায়দরি, বীর দাস-সহ একাধিক তারকা। সোনাক্ষী একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করে বলেছেন, “সোনমের মতো একজন মানুষ আমাদের দেশের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ১৮ দিন ধরে অনশনে বসে আছেন আর কেউ ওঁর কথা শোনার প্রয়োজন পর্যন্ত মনে করছে না। আমি তো আর চুপ করে বসে থাকতে পারব না। আমাদের সকলের অন্তত এই বিষয়ে নিজেদের সরব হওয়া উচিত।”
সোনমের পাশে থাকার বার্তা দিতে একদিনের জন্য প্রতীকী অনশন করবেন বলে জানিয়েছেন অভিনেতা অতুল কুলকার্নি। তিনি আরও বলেছেন, “সরকারকে আমি এত অসংবেদনশীল বলে মনে করি না। এবার হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি চাই সরকার দ্রুত এর সমাধান করুক।” দেশের বাকি মানুষদেরও তাঁর সঙ্গে একদিনের অনশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অতুল। তাঁর পোস্টেই নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন আমির খানের প্রতি। ‘রং দে বসন্তী’ ছবিতে আমিরের সঙ্গে কাজ করেছিলেন অতুল। কিন্তু এত দিন ধরে সোনমের অনশন ও দাবি নিয়ে বলিউডের অন্দর থেকে আওয়াজ উঠলেও আমির এখনও চুপ। ‘থ্রি ইডিয়টস’-এ সোনম অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান।
বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা NEET (UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানাবিধ অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন চালাচ্ছেন। ২০২৬ সালের ২৮ জুন যুব সম্প্রদায়ের তৈরি ব্যঙ্গাত্মক সামাজিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’-র মঞ্চে যোগ দিয়ে তিনি এই আমরণ অনশন শুরু করেন। তাঁর দাবিগুলি হল-NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস এবং দুর্নীতির নৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়েছে। দেশের কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় কঠোর ও প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার আনা।
শুধুমাত্র জল খেয়ে অনশন চালিয়ে যাওয়ার কারণে তাঁর ওজন ইতিমধ্যেই সাড়ে আট কেজিরও বেশি কমে গেছে। তাঁর শরীরে পেশীর ক্ষয় শুরু হয়েছে এবং তিনি তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিকভাবে তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখছেন।ইতিমধ্যেই সোনম ওয়াংচুকের দ্রুত অবনতিশীল স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি করে জানিয়েছে যে ‘প্রত্যেকটি জীবন মূল্যবান’, তাই জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।তবে সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন ও আন্দোলনে বলিউডের তারকারা সোচ্চার হওয়ায় দেশজুড়ে জনমত গড়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, সেলিব্রিটিদের সমর্থন ও তাদের সামাজিকমাধ্যমের প্রভাবের ফলে সরকারের উদাসীনতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং কেন্দ্রকে আলোচনার টেবিলে বসার জন্য রাজনৈতিক ও সামাজিক চাপ তৈরি হয়েছে।