মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আত্মবিশ্বাসী সুর। ফেসবুকে ভিডিওবার্তা পোস্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাম্পি রায়, সাংবাদিক : পরিবর্তন না প্রত্যাবর্তন—ছাব্বিশের বিধানসভা ভোট মিটতেই রাজ্যের রাজনৈতিক আঙিনায় এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। একাধিক সংস্থার এক্সিট পোল নানা ইঙ্গিত দিলেও, অনেক ক্ষেত্রেই পরিবর্তনের সম্ভাবনাকেই খানিকটা এগিয়ে রাখা হয়েছে। তবে সেই সব জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে চতুর্থবার ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার প্রায় ৯ মিনিটের একটি ভিডিও বার্তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সাফ জানালেন, “ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।”
এ দিন বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ, অর্থবল ও ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজেদের পক্ষে অনুকূল এক্সিট পোল তৈরি করেছে বিজেপি। ‘গদি মিডিয়া’র প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এই সব সমীক্ষাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাঁর দাবি, বাস্তব ফল প্রকাশ পেলে তৃণমূলই আবার সরকার গঠন করবে।
ভিডিও বার্তায় একাধিক গুরুতর অভিযোগও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ওরা ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে ভয় দেখাতে অভ্যস্ত।” পাশাপাশি, ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, বাহিনীর সদস্যরা অভব্য আচরণ করেছেন, এমনকি মহিলা ও শিশুদের উপরও অত্যাচারের অভিযোগ এসেছে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের বিরুদ্ধেও একতরফা আচরণের অভিযোগ পেয়েছেন বলে জানান তিনি। তবে এত কিছু করেও সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ থেকে আটকানো যায়নি বলেই দাবি করেন তৃণমূল সুপ্রিমো।
আরও এক ধাপ এগিয়ে তিনি দাবি করেন, তাঁর কাছে এমন তথ্য রয়েছে যা প্রকাশ্যে এলে শেয়ার বাজারে ধস নামতে পারে। সেই পরিস্থিতি এড়াতেই নাকি মিডিয়ার মাধ্যমে নির্দিষ্ট ধরনের এক্সিট পোল সামনে আনা হয়েছে। তাঁর কথায়, “এটা ওদের শেষ চেষ্টা।”
ভোটগ্রহণ শেষ হলেও ইভিএম কারচুপির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গণনাকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নেত্রীর স্পষ্ট বার্তা, গণনার দিন যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠকে জয় ঘোষণা করছেন, ততক্ষণ কেউ যেন গণনা টেবিল ছেড়ে না ওঠেন।
তবে উত্তেজনার মাঝেও দলীয় কর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। “আইন হাতে তুলে নেবেন না,”—বারবার এই বার্তাই দিয়েছেন তিনি। অত্যাচারের অভিযোগ তুলেও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ভরসা রাখতে হবে ‘মা-মাটি-মানুষ’-এর উপরেই।