আদালতের নির্দেশ অমান্য করে শেষ পর্যন্ত আর টিকতে পারল না স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি ফিরে পাওয়ার পথে ওই ৭৯ জন শিক্ষক-শিক্ষিকা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ—তিন স্তরেই অংশ নিয়েছিলেন মামলাকারীরা। তাঁদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, তিনটি নিয়োগ প্রক্রিয়ারই চূড়ান্ত মেধাতালিকায় তাঁদের নাম ছিল। তবে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ আগে সম্পন্ন হওয়ায় ওই দুই স্তরে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর অংশ নেওয়া হয়নি।
পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই তালিকায় বাদ পড়েন এই ৭৯ জনও। মামলাকারীদের দাবি, তাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরার সুযোগ দেওয়ার কথা থাকলেও এসএসসির গাফিলতিতে তাঁরা সেই সুযোগ পাননি।
এই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন ৭৯ জন। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে তাঁদের বিষয়টি খতিয়ে দেখে কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হন শিক্ষক-শিক্ষিকারা। শুরু হয় আদালত অবমাননার মামলা।
মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ে কমিশন জানায়, শূন্যপদের হিসাব খতিয়ে দেখে ছ’সপ্তাহের মধ্যে ৭৯ জনের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হবে। সেই মর্মে আদালতে মুচলেকাও দেয় এসএসসি।
অবশেষে আদালতে দেওয়া প্রতিশ্রুতি মেনেই ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। দীর্ঘ অপেক্ষার পর স্বস্তি ফিরল শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।