নকশাল-মাওবাদ থেকে মুক্ত ভারত, দাবি মোদীর!

জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে রবিবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই তিনি দাবি করেন, ভারত এখন নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাস থেকে মুক্ত হয়েছে। একসময় এই হিংসার সবচেয়ে বেশি শিকার হয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আর এখন তাঁরাই দেশকে আশীর্বাদ করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের দুটি বড় সাফল্য নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। প্রথমত, প্রায় ৫০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে বের করে আনা। দ্বিতীয়ত, দেশকে নকশালবাদ ও মাওবাদী সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা। তাঁর কথায়, নকশাল হিংসার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আদিবাসী সমাজের।

অতীতের পরিস্থিতির কথা তুলে ধরে মোদি জানান, ২০১৪ সালে দেশের প্রায় ১২৫টি জেলা নকশালবাদ ও মাওবাদে প্রভাবিত ছিল। প্রতি বছর শত শত হিংসার ঘটনা ঘটত। প্রাণ হারাতেন হাজার হাজার নিরীহ মানুষ, যাঁদের মধ্যে বড় অংশই ছিলেন আদিবাসী। প্রধানমন্ত্রীর অভিযোগ, সেই সময় তাঁদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমনকী, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত করা হত। তৎকালীন সরকার এই পরিস্থিতি দেখেও নীরব ছিল বলে দাবি করেন তিনি।

মোদি আরও বলেন, কয়েক দিন আগেই ছত্তিশগড়ের বস্তারের এমন একটি এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছেন তিনি, যেখানে একসময় সাধারণ মানুষ যেতেও ভয় পেতেন। এখন গড়চিরোলির মতো নকশালপ্রভাবিত এলাকাগুলিতেও দীপাবলির প্রদীপের পাশাপাশি আশার আলো পৌঁছেছে।

উল্লেখ্য, ২০০০ সালের ১৫ নভেম্বর বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খণ্ড রাজ্যের জন্ম হয়। দিনটি আবার আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকীও। ১৮৭৫ সালে মুন্ডা জনজাতিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসীদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা।

২০২১ সালের ১৫ নভেম্বর থেকে জনজাতীয় গৌরব দিবস পালন শুরু হয়। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে এই দিনটি জাতীয় উৎসবের রূপ নিয়েছে। গত বছর বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে দেশজুড়ে ২ লক্ষেরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কোটি কোটি মানুষ সেই কর্মসূচিতে অংশ নেন। তাঁর কথায়, আগে দেশের বিভিন্ন উৎসব ও বিশেষ দিন বিদেশি দৃষ্টিভঙ্গি থেকে নির্ধারিত হত। এখন ভারত নিজের ঐতিহ্য, ইতিহাস এবং বীরদের গর্বের সঙ্গে স্মরণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, জনজাতীয় গৌরব দিবস আদিবাসী সমাজের গর্ব এবং ভগবান বিরসা মুন্ডার আদর্শ ও অনুপ্রেরণার সঙ্গে জড়িত। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মহারাষ্ট্রের গড়চিরোলিতেও বড় অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে।এদিনের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জীবিকা এবং এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রায় ৩ হাজার কোটি টাকার ২৪০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।