শুটিংয়ে ইতিহাস ভারতের, প্রথম সুযোগেই মিলল ৩ অলিম্পিক কোটা

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের (LA28) যোগ্যতা অর্জনের লড়াইয়ে দারুণ শুরু করল ভারত। কাতারের দোহায় আয়োজিত আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশনের (ISSF) রাইফেল, পিস্তল ও শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি অলিম্পিক কোটা নিশ্চিত করেছেন ভারতীয় শুটাররা। গত পাঁচটি অলিম্পিক চক্রের মধ্যে যোগ্যতা অর্জনের প্রথম প্রতিযোগিতায় এটাই ভারতের সেরা পারফরম্যান্স।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

লন্ডন ২০১২ থেকে লস অ্যাঞ্জেলেস ২০২৮ এই পাঁচটি অলিম্পিক সাইকেলের মধ্যে প্রথমবার যোগ্যতা অর্জনের প্রথম প্রতিযোগিতা থেকেই তিনটি কোটা পেল ভারত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেই এই তিনটি জায়গা নিশ্চিত করেছেন ভারতীয় শুটাররা। তিনটি আলাদা বিভাগেই এসেছে এই সাফল্য।

প্রথমে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রুপো জিতে ভারতের হয়ে প্রথম অলিম্পিক কোটা নিশ্চিত করেন জয়পাল মালভিয়া। এরপর পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন বিভাগে ব্রোঞ্জ জিতে দ্বিতীয় কোটা এনে দেন নীরজ কুমার। আর পুরুষদের ট্র্যাপ বিভাগে রুপো জিতে তৃতীয় কোটা নিশ্চিত করেন বিবান কাপুর।

ভারতের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (NRAI) সভাপতি কালিকেশ নারায়ণ সিং দেও। তিনি বলেন, অলিম্পিকের যোগ্যতা অর্জনের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই তিনটি কোটা পাওয়া গোটা দলের কাছে বড় প্রাপ্তি। আরও ভালো লাগার বিষয় হল, রাইফেল, পিস্তল এবং শটগান তিনটি বিভাগেই ভারতীয় শুটাররা পদক জিতেছেন। তাঁর কথায়, সাধারণত কয়েকটি বিশ্বকাপ প্রতিযোগিতার পর শুটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতা আসে। কিন্তু শুরুতেই তিনটি কোটা নিশ্চিত হওয়ায় দলের উপর চাপ অনেকটাই কমবে। একইসঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতির জন্য কোচেদের হাতে আরও বেশি সময় থাকবে।

এর আগে গত চারটি অলিম্পিক চক্রের যোগ্যতা অর্জনের প্রথম প্রতিযোগিতায় ভারত এত ভালো ফল করতে পারেনি। লন্ডন ২০১২ অলিম্পিকের আগে ২০১০ সালে মিউনিখ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারত পেয়েছিল দু’টি কোটা। রিও ২০১৬-র আগে ২০১৪ সালের গ্রানাডা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে এসেছিল মাত্র একটি কোটা। অন্যদিকে, টোকিও ২০২০ অলিম্পিকের আগে ২০১৮ সালের চ্যাংওন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারত পেয়েছিল দু’টি কোটা। প্যারিস ২০২৪ অলিম্পিকের আগে ২০২২ সালে ওসিয়েক শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কায়রো রাইফেল-পিস্তল বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ভারত পেয়েছিল দু’টি কোটা।

দোহায় ভারতীয় শুটারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন NRAI-এর সাধারণ সম্পাদক পবনকুমার সিং। তিনি বলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোটা পাওয়া মোটেই সহজ নয়। কারণ বিশ্বের সেরা শুটাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। জয়পাল, নীরজ এবং বিবান কঠিন পরিস্থিতিতেও নিজেদের স্নায়ুর চাপ সামলে সাফল্য পেয়েছেন।

তিনি আরও জানান, এই সাফল্যের পিছনে রয়েছে কোচ এবং দলের উচ্চমানের প্রশিক্ষণ বিভাগের কয়েক মাসের পরিশ্রম। আগামী দু’বছরও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে ভারতীয় দল। তিনটি অলিম্পিক কোটা পাওয়ার পাশাপাশি দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক তালিকাতেও দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারত। সব মিলিয়ে ভারতের ঝুলিতে এসেছে ১৩টি পদক। এর মধ্যে রয়েছে দু’টি সোনা, সাতটি রুপো এবং চারটি ব্রোঞ্জ।