মহিলা বিশ্বকাপ: কবে কাদের বিরুদ্ধে খেলবেন স্মৃতিরা?

শেষ চারেই কঠিনতম প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে ভারত। সেমিতে হরমনপ্রীতদের কঠিন প্রতিপক্ষ অজিরা।

সৌম্য দাস, সাংবাদিক : নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসাবে আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ চারেই ভারতকে কঠিনতম প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে। সেমিতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ অজিরা।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা ছিল অস্ট্রেলিয়ার। এদিন একপেশে ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একাই সাত উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড ভেঙে দেন আলানা কিং। ৭ ওভার বল করে মাত্র ১৮ রানে ৭ উইকেট নিয়েছেন আলানা। মহিলাদের বিশ্বকাপে এটাই সেরা বোলিং ফিগার। জবাবে ব্যাট করে মাত্র ১৬ ওভার ৫ বলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪১ বলে ৪২ রান করেন বেথ মুনি।

অস্ট্রেলিয়ার এই জয়ে নিশ্চিত হয়ে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তাঁরাই। আর শেষ ম্যাচে ভারত বাংলাদেশকে হারালেও পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানের ওপরে উঠতে পারবে না। ফলে আগামী ৩০ অক্টোবর নবি মুম্বইতে দ্বিতীয় সেমিফাইনালে অজিদের মুখোমুখি হতে হবে টিম ইন্ডিয়াকে। এমনিতেই টুর্নামেন্টে ভালো ফর্মে নেই স্মৃতিরা। ব্যাটাররা মোটামুটি ভালো খেললেও ভোগাচ্ছে বোলিং বিভাগ। এর মধ্যে আবার সেমিতে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ। যারা কিনা ধারেভারে ভারতের থেকে তো বটেই বিশ্বের অধিকাংশ দলের থেকেই কয়েক গুণ এগিয়ে।

চোটের জন্য সেমিফাইনালে অনিশ্চিত অ্যালিসা হিলি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর চোট পেয়েছেন হিলি। অনুশীলনে পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন মিচেল স্টার্কের স্ত্রী। শনিবার তিনি খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিলি। তিনি অভিজ্ঞ উইকেটরক্ষক এবং আগ্রাসী ওপেনিং ব্যাটার। একই সঙ্গে অধিনায়কও। তিনি খেলতে না পারলে, অস্ট্রেলিয়ার শক্তি কিছুটা কমতে পারে। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হিলির খেলা ঘিরে সংশয় তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার কোচ শেলি নিটস্কের কথায়।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের পর নিটস্ক বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার অবস্থায় ছিল না হিলি। ওর পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আশা করছি, সেমিফাইনালে আমরা ওকে পাব। হাতে কয়েক দিন সময় রয়েছে। তাই এখনই কোনও সিদ্ধান্ত নিতে চাই না। তবে ভাল কিছুর আশা তো করতেই পারি। সেমিফাইনাল ম্যাচের আগে পরিস্থিতি বুঝে হিলিকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব আমরা।’’

দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে পেলে স্মৃতিদের লড়াইটা একটু সহজ হত। কিন্তু শনিবারের হারের অর্থ প্রোটিয়ারা আগামী বুধবার ২৯ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে।

মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের সূচি:

২৯ অক্টোবর গুয়াহাটি ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

৩০ অক্টোবর বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বনাম ভারত