এশিয়ার শক্তিধর দেশের তালিকায় তৃতীয় ভারত, নেতৃত্বে দ্বিতীয় মোদী!

সোমবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। ভারতের অর্থনীতি, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বিদেশের মাটিতে রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার গবেষণা সংস্থা ‘লোয়ি ইনস্টিটিউট’-এর এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬ রিপোর্ট তুলে ধরে ভারতের আন্তর্জাতিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং কূটনৈতিক প্রভাবের কথা তুলে ধরেন।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

গত ২২ নভেম্বর প্রকাশিত হয়েছে লোয়ি ইনস্টিটিউটের এই রিপোর্ট। এশিয়ার ২৭টি দেশ ও অঞ্চলকে নিয়ে ১৩১টি মাপকাঠির ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। রবিশঙ্কর প্রসাদ জানান, ২০০৩ সালে ফ্র্যাঙ্ক লোয়ি এই সংস্থা প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক কৌশল, অর্থনীতি এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা করে এই প্রতিষ্ঠান। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে ভারতের সামগ্রিক ক্ষমতার সূচক বেড়ে হয়েছে ৪০.৫। ২০১৮ সালের তুলনায় এই সূচকে ভারতের উন্নতি হয়েছে ০.৫ পয়েন্ট। রিপোর্টে জাপানের স্কোর ৩৮.৬। তবে চিনের স্কোর ৭৩.৬, যা ভারতের তুলনায় অনেকটাই বেশি।

রবিশঙ্কর প্রসাদ বলেন, অর্থনৈতিক ক্ষমতা এবং স্থিতিশীলতার কারণেই ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে। বিশেষ করে ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনা বা ‘ফিউচার রিসোর্সেস’ বিভাগে ভারতের স্কোর ৫৬.২। এই বিভাগে রাশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলির তুলনায় ভারত অনেকটা এগিয়ে রয়েছে। অন্যদিকে, কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে ভারতের স্কোর ৭০.৩। রিপোর্টে প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রেও উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়েও রিপোর্টের কথা তুলে ধরেন বিজেপি সাংসদ। তাঁর দাবি, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর এশিয়ার সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছেন মোদী।

এরপরই রাহুল গান্ধীকে নিশানা করেন রবিশঙ্কর প্রসাদ। সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতের অর্থনীতি, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা। রাহুলের বক্তব্য ছিল, ভারতের অর্থনীতি বড়সড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। দেশে বেকারত্বের সমস্যা গুরুতর এবং শিক্ষা ব্যবস্থাতেও একাধিক সমস্যা রয়েছে।

রাহুলের এই মন্তব্যের জবাবে রবিশঙ্কর প্রসাদ বলেন, দেশের অর্থনীতি নিয়ে মন্তব্য করার আগে রাহুলের আরও তথ্য যাচাই করা উচিত। তাঁর দাবি, আন্তর্জাতিক সংস্থাগুলির রিপোর্ট অনলাইনেই পাওয়া যায়। সেগুলি পড়লেই ভারতের অর্থনীতি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তা সত্ত্বেও বিদেশে গিয়ে কেন ভারতের অর্থনীতিকে দুর্বল বলে তুলে ধরা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

বিজেপি সাংসদের আরও অভিযোগ, বিদেশের মাটিতে বারবার ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন রাহুল। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর পদে বসতে না পারার হতাশা থেকেই এমন মন্তব্য করছেন কংগ্রেস নেতা। এমনকী, রাহুলের বিরুদ্ধে ভারতবিরোধী শক্তির প্রভাবেও কাজ করার অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ভারতের অর্থনীতি বড়সড় সংকটের মধ্যে রয়েছে। তাঁর অভিযোগ, দেশে বিপুল বেকারত্ব রয়েছে এবং শিক্ষা ব্যবস্থার সমস্যাও অত্যন্ত গুরুতর।