আরও বেশি S-400 কিনছে ভারত

রাশিয়ার সঙ্গে প্রায় দশ হাজার কোটি টাকার চুক্তি করবে ভারত। সীমান্তকে মজবুত করতে আরও বেশি S-400 কিনছে প্রতিরক্ষা মন্ত্রক।

ঋক পুরকায়স্থ, সাংবাদিক: অপারেশন সিঁদুরের সময় একের পর এক পাক মিসাইল ধ্বংস করেছিল ভারত। সেই যুদ্ধের সময়ে সীমান্তে কার্যত যুদ্ধ বর্মের মতো দাঁড়িয়ে ছিল S-400 বা সুদর্শন। এই সুদর্শনের সংখ্যা বাড়াতে চলেছে ভারত। আলোচনাও শুরু হয়েছে জোর কদমে। রাশিয়ার সঙ্গে প্রায় ১০ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করার জন্য এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

ভারত-পাক যুদ্ধের সময় S-400 এর দাপট দেখেছে গোটা বিশ্ব। শুধু পাক মিসাইল নয়, ৩০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত পাক যুদ্ধবিমান ও পাক গোয়েন্দা বিমানও ধ্বংস করেছে এই সুদর্শন। এই পরিস্থিতিতে দেশের আকাশ সীমাকে আরও শক্তিশালী করতে S-400 কিনতে আগ্রহী ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের কাছে এই বিশেষ অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাব পেশ করতে পারে। এই বিষয়ে পরবর্তী বৈঠক রয়েছে বৃহস্পতিবার।

এর আগে চিনের সঙ্গে সংঘাতের সময় ২০১৮ সালে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে ৫টি S-400 কেনার জন্য চুক্তি করে ভারত। তবে নানা কারণে তা বিলম্বিত হয়। ২০২৬ সালে এই চুক্তি অনুযায়ী দুটি মিসাইল সিস্টেম ভারতকে সরবরাহ করবে রাশিয়া। এই পরিস্থিতির মধ্যে আরও বেশি S-400 কিনতে চাইছে ভারত।

রাশিয়ায় তৈরি হওয়া এই এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক বিশ্বে যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে চলেছে। ৬০০ কিলোমিটার দূর থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারে এই সুদর্শন চক্র। ৪০০ কিলোমিটার দূর থেকে ধেয়ে আসা যুদ্ধ বিমানকে মাটিতে নামিয়ে দিতে পারদর্শী এই এয়ার ডিফেন্স সিস্টেম S-400 . এই ডিফেন্স সিস্টেমের রেন্ট ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর – পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। একের পর এক মিসাইল, যুদ্ধবিমানকে বিপর্যস্ত করেছে এই ডিফেন্স সিস্টেম। পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসা লাগাতার হামলা রুখে দিয়েছে এই সুদর্শন। তবে এবার রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে প্রায় দশ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। প্রতিরক্ষার ক্ষেত্রে দেশের সীমান্তকে আরও নিরাপদ করার জন্য এই উদ্যোগ নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তান ও চিনকে কড়া নজরদারিতে রাখতে ইতিমধ্যেই ভারত তিনটি S-400  মোতায়েন করেছে রাজস্থান, পাঞ্জাব ও ভারতের উত্তর-পূর্ব সীমান্তে। তবে এই যুদ্ধবর্মকে আরও শক্তিশালী করতে চাইছে ভারত। আগামী সময় পাকিস্তান বা চিনের সঙ্গে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে যাতে সামাল দিতে কোনও অসুবিধা না হয়, সেই দিকেই নজর প্রতিরক্ষা মন্ত্রকের।