১০০ মিসাইল দিয়ে লেবাননে হামলা চালাল ইজরায়েল। নিহত অন্তত ২৫০।

মাম্পি রায়, সাংবাদিক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, লেবাননে ইজরায়েলের ব্যাপক হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এই প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুসপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল বলে জানা যায়। এতে বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু সেই আশার মধ্যেই আচমকা লেবাননে ইজরায়েলের তীব্র বিমান হামলা পরিস্থিতি আরও ঘোরালো করে দিল। রিপোর্ট অনুযায়ী, মাত্র ১০ মিনিটের মধ্যে ১০০-রও বেশি বিমান হামলা চালানো হয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) একদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানালেও স্পষ্ট করে দেন, এই চুক্তির আওতায় লেবানন নেই। তিনি ‘এক্স’-এ লিখেছেন, “ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিলে এবং যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও অন্যান্য দেশের উপর হামলা বন্ধ করলে আমরা এই সিদ্ধান্তকে সমর্থন করি।” তবে অন্য একটি পোস্টে তিনি জানান, লেবানন নিয়ে সংঘাত এই চুক্তির বাইরে এবং তা আলাদা বিষয়।
এদিকে, ইজরায়েলের হামলায় লেবাননে অন্তত ১১২ জনের মৃত্যু এবং ৮০০-র বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। হিজবুল্লাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইজরায়েলের। এই ঘটনার জেরে ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, “হরমুজ প্রণালী বন্ধ করাটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই এটি অবিলম্বে, দ্রুত এবং নিরাপদে খুলে দেওয়া হোক।”
অন্যদিকে, ট্রাম্প লেবাননে ইজরায়েলের হামলাকে সমর্থন করে বলেছেন, “হিজবুল্লা এই চুক্তির অংশ নয়। এটি আলাদা সংঘর্ষ।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, যুদ্ধবিরতি সত্ত্বেও বিভিন্ন অঞ্চলে সংঘাত থামার সম্ভাবনা অনের দূর। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যে আগামী দিনে আরও জটিল হতে পারে, তা বলাই বাহুল্য।