ইথানলেই কি কমছে মাইলেজ?

আদতে গাড়ির ইঞ্জিন অচল হয়ে পড়ছে কিনা এই ইথানল মেশানোর তার কোনও সদুত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : পেট্রলে ইথানল মেশানোয় দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে কেন্দ্র বলছে সময়ের প্রয়োজনেই জ্বালানিতে ইথানল মেশানো জরুরি, বিশেষজ্ঞরা বলছেন ইথানল মিশ্রিত পেট্রল ব্যবহারের গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বর্তমানে পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো হচ্ছে। আদতে গাড়ির ইঞ্জিন অচল হয়ে পড়ছে কিনা এই ইথানল মেশানোর ফলে, তার কোনও সদুত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার। কথা হচ্ছে হঠাৎ করে ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে এত বিতর্ক কেন দানা বাধল? জ্বালানিতে ইথানল মেশানোর প্রথা তো বহুকাল ধরেই প্রচলিত রয়েছে। এর কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে সরকারের এক বয়ান। শীর্ষ কোর্টে কেন্দ্র জানায় ইথানল মেশানোর গাড়ির ইঞ্জিনের কোনও ক্ষতি হচ্ছে কিনা, তার কোনও উপযুক্ত প্রমাণ নেই, পরীক্ষা নিরীক্ষা চলছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় গাড়ি মালিকরা বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেন। তাদের দাবি, সরকার পরীক্ষা ছাড়াই পেট্রলে ইথানল মেশাচ্ছে। ইথানল ব্যবহারে ইঞ্জিনে ক্ষতি হচ্ছে, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে এরকম বহু দাবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি, পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে-এই বিষয়ে নিশানা করেছেন নেটাগরিকরা।
ঠিক মুহূর্তে আগুনে ঘি ঢালার মতো এক মন্তব্য সামনে এসেছে। ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড এর এগজিকিউটিভ ডিরেক্টর অনুরাগ সারাওগি বলেন, পেট্রলে ইথানল মেশালে গাড়ির ইঞ্জিনে তার প্রভাব পড়ে।

তাঁর এই মন্তব্য সামনে আসতেই চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠতে শুরু করে। ইন্টারনেটের যুগে যখন ইথানল নিয়ে বিষোদগার চলছে তখন ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণি সুপ্রিম কোর্টে জানান সরকার পরীক্ষা ছাড়াই ইথানল ব্যবহার করছে। ইথানল ব্যবহার কোনও পরীক্ষামূলক কাজ নয়, বরং সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে সুপ্রিম কোর্টে দাবি করে কেন্দ্র। তার মানে পেট্রলে ইথানল মেশানো সরকারেই সিদ্ধান্ত, তবে এই মিশ্রনে গাড়ির ইঞ্জিনে কী ক্ষতি হচ্ছে তা স্পষ্ট করা হয়নি।
পেট্রোলিয়াম হরদীপ সিং পুরী এই অবস্থায় দেশের গাড়ি মালিকদের আশ্বস্ত করে বলেন, এতে ইঞ্জিনের কোনও ক্ষতি হচ্ছে না। তবে তিনি এও বলেন এই ইথানলের ব্যবহারের গাড়ির মাইলেজে সামান্য ঘাটতি আসতে পারে। যদিও নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, শুধুমাত্র ইথানল নয় গাড়ির মাইলেজ কমে যাওয়ায় অন্য কিছুও দায়ী হতে পারে।

তাঁর এই মাইলেজ ড্রপ মন্তব্য সামনে আসতেই অনেকেই প্রশ্ন তুলেছেন আমজনতার গাড়ি কি কোন পরীক্ষাগার? অনেকে আবার এই ঘটনায় কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গডকরিকে দায়ী করছেন। তবে তাঁর দাবি, গাড়ির জ্বালানিতে ইথানল মেশানোয় ইঞ্জিনের কোনও ক্ষতি হয় না।

এখন এক প্রশ্ন এই ইথানল তৈরি হয় কীভাবে? আঁখ থেকেই মূলত ইথানল পাওয়া যায়। ইথানলে অক্সিজেন থাকে, ফলে জ্বালানি দহনের ফলে পরিবেশে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন এর নিঃসরণ কম হয়। তবে আখ চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। এক লিটার ইথানল তৈরিতে প্রায় ৮ থেকে ১০ হাজার লিটার জলের প্রয়োজন হয়। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যে এই ইথানল উৎপাদন ক্ষতিকর কারণ সেখানে ভূগর্ভস্ত জলস্তর ব্যাপকহারে নেমে গিয়েছে।
শেষে একটাই প্রশ্ন, ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে জনগণের মনে ওঠা প্রশ্নের কী কোন উত্তর আছে?