দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি থাকলেও কালীপুজোয় আবহাওয়া মনোরম থাকবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাসই মিলেছে। কালীপুজোর সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা মিলেছে ঝলমলে রোদের। বৃষ্টির চোখরাঙানি নেই, বরং নামতে শুরু করেছে পারদও। ফলে শীতের আমেজ কি এবার ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করতে চলেছে? সেই প্রশ্নই ঘুরছে আবহাওয়াপ্রেমীদের মনে। তবে এখনই শীতের পথে পুরোপুরি এগোচ্ছে না বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহ থেকেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ আরও নিচে। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। সোমবার থেকেই বদলাতে পারে আবহাওয়ার চিত্র।
আবহবিদদের পূর্বাভাস, কালীপুজো মিটতেই ফের বৃষ্টির মুখে পড়তে পারে বাংলা। সোমবার থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার ও বুধবারও রাজ্যের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। কমে আসবে বৃষ্টির দাপট, ফের পরিবর্তন হবে আবহাওয়ার।