সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাস করানো কি ক্রমশ কঠিন হয়ে উঠছে নরেন্দ্র মোদী সরকারের পক্ষে? বিরোধীদের একাংশের আপত্তি, অখিলেশ যাদবের স্পষ্ট বিরোধিতা, আর তার মধ্যেই শরদ পাওয়ারের এনসিপির শর্তসাপেক্ষ সমর্থন। সব মিলিয়ে দিল্লির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে সংখ্যার খেলা। একদিকে বিল পাস করাতে বিরোধী শিবিরের সাংসদদের সমর্থন জোগাড়ের চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে, এই বিলের বিরুদ্ধে বিরোধীদের এক ছাতার তলায় আনার চেষ্টা শুরু করেছে কংগ্রেস। প্রশ্ন উঠছে, আসন পুনর্বিন্যাসের অঙ্কে কি এবার বিজেপির বিরুদ্ধে নতুন রাজনৈতিক জোট তৈরি হচ্ছে? আর সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কি আপাতত পিছিয়ে যেতে হবে কেন্দ্রকে?

আসন পুনর্বিন্যাস। অর্থাৎ দেশের লোকসভা কেন্দ্রগুলির সীমানা এবং আসন সংখ্যার পুনর্বিন্যাস। আপাতদৃষ্টিতে এটি একটি সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু বাস্তবে এই মুহূর্তে তা পরিণত হয়েছে জাতীয় রাজনীতির অন্যতম বড় সংঘাতে। কারণ, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে লোকসভার মোট আসন সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের পরিবর্তন এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রশ্ন। কেন্দ্রের প্রস্তাবিত ১৩১তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা সর্বোচ্চ ৮৫০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা সামনে এসেছে। মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার সঙ্গেও এই উদ্যোগকে যুক্ত করছে কেন্দ্র।
কিন্তু এই বিল সাধারণ কোনও বিল নয়। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। বর্তমান লোকসভার ৫৪০ জন সদস্যের হিসাব ধরলে প্রয়োজনীয় ভোটের সংখ্যা ৩৬১। অথচ এনডিএর হাতে রয়েছে প্রায় ৩২০ জন সাংসদ। অর্থাৎ, সরকারকে এখনও বিরোধী শিবিরের একাংশের সমর্থন জোগাড় করতে হবে। আর সেখানেই তৈরি হচ্ছে রাজনৈতিক জটিলতা।
এই পরিস্থিতিতে বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি। কারণ, লোকসভায় ৩৭ জন সাংসদ রয়েছে অখিলেশ যাদবের দলের। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে অখিলেশ যাদব আগেই নিজের আপত্তির কথা স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র কীভাবে আসন পুনর্বিন্যাস করতে চাইছে, তা পরিষ্কার করতে হবে। দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে কোনও বৈষম্য তৈরি করা চলবে না। এখানে বিজেপির কাছে উত্তরপ্রদেশের অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জনসংখ্যার নিরিখে আসন বাড়লে উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যগুলির আসন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
কিন্তু অখিলেশ যাদবের সামনে আবার অন্য রাজনৈতিক হিসাব। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে বিজেপির আনা একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিলকে সমর্থন করলে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্নের মুখে পড়তে হতে পারে সমাজবাদী পার্টিকে। ফলে অখিলেশের সমর্থন পাওয়া বিজেপির পক্ষে যে সহজ হবে না, তা স্পষ্ট।
তবে বিরোধী শিবিরে বিজেপির জন্য কিছুটা আশার আলো দেখিয়েছেন শরদ পাওয়ারের এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। সুপ্রিয়া সুলে জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসের প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করার বিষয়ে তাঁদের আপত্তি নেই। কিন্তু তার জন্য রয়েছে দুটি শর্ত। প্রথমত, দেশের সব রাজ্যে লোকসভার আসন সমান অনুপাতে, অর্থাৎ ৫০ শতাংশ করে বাড়াতে হবে। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ালে কোনও কোনও রাজ্য বেশি সুবিধা পাবে, অন্য রাজ্যগুলি পিছিয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, আসন পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গেই কার্যকর করতে হবে মহিলা সংরক্ষণ আইন। সুলের যুক্তি, বহু লোকসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩০ থেকে ৫০ লক্ষ পর্যন্ত পৌঁছে গিয়েছে। মাত্র পাঁচ কোটি টাকার MPLADS তহবিল নিয়ে একজন সাংসদের পক্ষে এত বড় এলাকার উন্নয়ন সামলানো কঠিন।
ঠিক এই পরিস্থিতিতেই বিরোধীদের একজোট করার চেষ্টা শুরু করেছে কংগ্রেস। কংগ্রেসের অবস্থান, আসন পুনর্বিন্যাসের নামে দেশের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়া চলবে না। বর্তমান ৫৪৩ আসনের লোকসভা আরও ২৫ বছর একই জায়গায় রাখা হোক। পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই কার্যকর করা হোক মহিলা সংরক্ষণ। অর্থাৎ, মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য আসন পুনর্বিন্যাসকে বাধ্যতামূলক করার বিরোধিতা করছে কংগ্রেস।
এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গে রয়েছে বিরোধী শিবিরের একাধিক দল। বিশেষ করে ডিএমকে এবং শিবসেনা উদ্ধব ঠাকরের মতো দলগুলি রাজ্যগুলির প্রতিনিধিত্বের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলছে। শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউতও স্পষ্ট করেছেন, তাঁদের দল এবং INDIA জোট এই বিল সমর্থন করবে না।
কংগ্রেসের কাছে এখন লক্ষ্য একটাই। সুপ্রিয়া সুলের মতো নেতারা যাতে আলাদা করে কেন্দ্রের প্রস্তাবকে সমর্থন না করেন, বরং বিরোধী জোটের সঙ্গে আলোচনা করে সম্মিলিত অবস্থান নেন, তা নিশ্চিত করা। কারণ, এই লড়াইয়ে বিরোধীদের ভোট এক জায়গায় ধরে রাখতে পারলে বিজেপির সংখ্যার অঙ্ক আরও কঠিন হয়ে উঠবে।
এদিকে এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সংসদের বিশেষ অধিবেশন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অগাস্টের ১৩ তারিখ বাদল অধিবেশন শেষ হওয়ার পরেও সংসদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি। ফলে প্রয়োজনে বর্তমান অধিবেশন আবার ডাকার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এবং বিরোধীদের সঙ্গে সমঝোতা না হলে এই মুহূর্তে বিল পাস করানো যে সহজ হবে না, তা কেন্দ্রও বুঝতে পারছে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এর আগে বিরোধীদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও চিঠি লিখে বিল নিয়ে সহযোগিতার আবেদন জানিয়েছিলেন তিনি। এখন বিশেষ অধিবেশনের পরিবর্তে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতকালীন অধিবেশন ডাকার সম্ভাবনা বেশি করে সামনে আসছে। সেখানে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। অর্থাৎ, আপাতত সংসদে এই বিল নিয়ে চূড়ান্ত লড়াই শুরু না হলেও, পর্দার আড়ালে রাজনৈতিক দর কষাকষি কিন্তু জোরকদমে চলছে।
তবে এই লড়াই শুধু একটি বিল পাস করানোর লড়াই নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ২০২৯ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে দেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য। উত্তর ভারতের জনসংখ্যা বেশি এমন রাজ্যগুলিতে আসন বৃদ্ধির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই দক্ষিণ ভারতের রাজ্যগুলি আশঙ্কা করছে, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে সংসদে তাদের রাজনৈতিক গুরুত্ব কমে যেতে পারে। এই কারণেই তামিলনাড়ু-সহ দক্ষিণের একাধিক রাজ্য আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে।
কেন্দ্রের যুক্তি, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লোকসভায় প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। বিরোধীদের পাল্টা প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলিকে কি তার জন্য রাজনৈতিকভাবে শাস্তি পেতে হবে? আর এই প্রশ্নেই তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণ। আপাতত সংসদের অধিবেশনের দিন ঘোষণার অপেক্ষা। কিন্তু তার আগেই দিল্লির রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে আসন পুনর্বিন্যাসের মহারণ।