মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব কংগ্রেস!

অগস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.৮২%, ‘কবে মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুলবেন প্রধানমন্ত্রী?’ প্রশ্ন জয়রাম রমেশের।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : উৎসবের মরসুমের আগে ফের মাথাচাড়া দিল মূল্যবৃদ্ধি। অগস্টে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে ৪.৮২ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৪.৪৫ শতাংশ। একই সঙ্গে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিও বেড়েছে। জুলাইয়ের ৫.৫২ শতাংশ থেকে অগস্টে তা পৌঁছেছে ৫.৯৫ শতাংশে। এই পরিসংখ্যান সামনে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তাঁর প্রশ্ন, ‘‘দেশের সবচেয়ে বড় উদ্বেগ মূল্যবৃদ্ধি। প্রধানমন্ত্রী কবে এই নিয়ে মুখ খুলবেন?’’

সোমবার সমাজমাধ্যমে একাধিক পোস্ট করে জয়রাম দাবি করেন, মূল্যবৃদ্ধির চাপ এখন আর শুধু রান্নাঘরের খরচে আটকে নেই। তাঁর অভিযোগ, উৎসবের মরসুমে সাধারণ মানুষের উপর ‘অতিরিক্ত চাপ’ অব্যাহত রয়েছে। জয়রামের কথায়, ‘‘সব্জির দাম দিন দিন বাড়ছে। অগাস্টে পেঁয়াজের মূল্যবৃদ্ধির হার ৪৮.২৭ শতাংশে পৌঁছেছে।’’ একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সাধারণ পরিবারের পক্ষে এই পরিস্থিতিতে সংসারের বাজেট সামলানো কতটা সম্ভব ?

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের (MoSPI) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-ভিত্তিক নতুন CPI (customer price index) সূচকে অগাস্টে সামগ্রিক খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.৮২ শতাংশ। খাদ্য ও পানীয়ের সম্মিলিত মূল্যবৃদ্ধির হার ৫.৬৬ শতাংশ। সব্জির মধ্যে পেঁয়াজের মূল্যবৃদ্ধি জুলাইয়ের ২২.৫৪ শতাংশ থেকে বেড়ে অগাস্টে হয়েছে ৪৮.২৭ শতাংশ। আদার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৭৩.৮২ শতাংশ এবং রসুনে ৪৩.৬০ শতাংশ। তবে টমেটোর দাম গত বছরের তুলনায় ৩১.০৯ শতাংশ এবং আলুর দাম ১৩.১৪ শতাংশ কমেছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পরিবহণ ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ৪.৬০ শতাংশ, শিক্ষা পরিষেবায় ৩.৭৩ শতাংশ এবং রেস্তোরাঁ ও আবাসন পরিষেবায় মূল্যবৃদ্ধির হার ৮.৩৮ শতাংশ। ব্যক্তিগত পরিচর্যা, সামাজিক সুরক্ষা এবং বিবিধ পণ্য ও পরিষেবার ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার ১৫.১৭ শতাংশ।

জয়রাম ‘মন কি বাত’-এর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘কবে মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলবেন? সাধারণ মানুষের উদ্বেগের দিকে কবে নজর দেবেন?’’

কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের জানিয়েছে, অগাস্টের পরিসংখ্যান এখনও প্রাথমিক। ১,৪০৭টি শহুরে বাজার এবং ১,৪৬৫টি গ্রাম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে। সেপ্টেম্বরের CPI পরিসংখ্যান প্রকাশিত হবে আগামী ১২ অক্টোবর।