নদিয়া ইসকনে জন্মাষ্টমী উদযাপন

নদিয়া মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব মহোৎসব।

বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা : যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিপূর্ণ রীতিনীতির মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিশ্ব সদর দপ্তর শ্রীধাম মায়াপুরে উদযাপিত হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহামহোৎসব। এটি শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি। এই বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মায়াপুরে সমবেত হয়েছেন। উৎসবকে নির্বিঘ্ন রাখতে গোটা চত্বরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান পেরিয়ে উৎসব চলবে মধ্যরাত ১টা পর্যন্ত। আয়োজনের মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে—বিভিন্ন ভাষায় শ্রীকৃষ্ণের লীলা ও জন্মবৃত্তান্ত আলোচনা, নাম সংকীর্তন, মহাযজ্ঞ এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে মহাভিষেক।

রাত ১০টায় শুরু হবে কৃষ্ণের মহাভিষেক পর্ব। ঠিক মধ্যরাতে অনুষ্ঠিত হবে বিশেষ আরতি এবং ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদন। এরপর রাত ১২টার পর ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ (অনুকুল্প) বিতরণ করা হবে।

জন্মাষ্টমীর এই পুণ্যলগ্নে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “কংসের কারাগারে আবির্ভূত হয়ে শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী শ্রীকৃষ্ণ যেমন দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছিলেন, আজকের বিশ্বপরিস্থিতিতেও তার প্রাসঙ্গিকতা অত্যন্ত জরুরি। পৃথিবীর নানা প্রান্তে আজ দুর্বলের ওপর সবলের অত্যাচার চলছে। শ্রীকৃষ্ণের এই পবিত্র জন্মতিথিতে আমাদের একান্ত প্রার্থনা—তিনি যেন বিশ্বে শান্তি, মৈত্রী ও কল্যাণ ফিরিয়ে আনেন এবং তাঁর কঠোর হস্তে সমস্ত অন্যায় ও দুষ্টের দমন করেন।”