মতা বন্দ্যোপাধ্যায় ও জয়া বচ্চনের মধ্যে চলে দীর্ঘক্ষণ আলোচনা।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরে গাড়ি থেকে নামেন। দরজায় হাসিমুখে তাঁকে স্বাগত জানানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃবৃন্দ। ২০২৬ বিধানসভা ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এবার সপার আর এক সাংসদকে স্বাগত জানায় কালীঘাট। স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও জয়া বচ্চনের মধ্যে চলে দীর্ঘক্ষণ আলোচনা। দুজনের মধ্যে ঠিক কী কথা হল? ভবিষ্যতে কোন অঙ্কের সমীকরণ কষা হল এই সাক্ষাতের মধ্যে দিয়ে ?
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে আদালতে মামলাও চলছে। মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। এমন অবস্থায় আচমকা সপা সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডেরেক ও ব্রায়ানের গাড়িতেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন জয়া বচ্চন। তাঁকে হাসিমুখে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বচ্চন পত্নীর পায়ে হাত দিয়ে প্রণাম সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন জয়া। প্রায় এক ঘণ্টার বেশি সময় ছিলেন তিনি। কিন্তু ঠিক কী বিষয়ে দুজনের মধ্যে কথা হয়, , তা জানা যায়নি। এখনও তা গোপনেই রাখা হয়েছে। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে গাড়িতে তুলে দিতে আসেন।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের দীর্ঘ দিনের সম্পর্ক। এদিন দীর্ঘ সময় তাদের মধ্যে কথা হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও কথা হয় দুই নেত্রীর মধ্যে।
এদিকে আচমকা কালীঘাটে এসে মমতার সঙ্গে জয়ার দেখা করা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। তৃণমূলের অন্দরে চলা বর্তমান কোন্দলকে কটাক্ষ করে বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক হাত নেন শাসক দলকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসতেই পারেন, এটা তাঁদের গণতান্ত্রিক অধিকার এবং এর সঙ্গে বাকস্বাধীনতা বা চলাফেরার স্বাধীনতার সম্পর্ক রয়েছে।
২০২৬ বিধানসভা ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। যদিও এর কিছুদিন পর সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছিলেন, মানুষ মমতাকে চাননি তাই তিনি হেরেছেন। এসবের মধ্যে এবার মমতার বাড়িতে আসেন জয়া বচ্চন। জয়ার এই আগমনের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয়া বচ্চনের মধ্যে সম্পর্ক যে অনেক পুরনো, সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগেও একাধিকবার অমিতাভ বচ্চনের বাড়িতে যান মমতা। বর্ষিয়ান অভিনেতাকে বাংলার জামাই হিসেবে বারবার পরিচয় করান তিনি। এমনকি তৃণমূলের হয়ে একাধিকবার নির্বাচনী প্রচারেও দেখা গিয়েছিল জয়াকে। কিন্তু এবারের সাক্ষাৎ নিয়ে তৈরি জল্পনা।