উৎসবের আনন্দের মধ্যেই শোকের ছায়া নেমে এল অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনে। স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারিয়ে ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন প্রযোজক ও সুরকার জয়ন্ত মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি। এক বিবৃতিতে হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রের প্রয়াণের খবর জানান তিনি। জয়ন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকের আবহ চলচ্চিত্র ও টেলিভিশন মহলে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক
প্রয়াত জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তি গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে আদর করে ‘বাবু’ বলে ডাকতেন। চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ছিল তাঁর। প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবি। এছাড়াও নয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তালাশ’-এর সঙ্গেও যুক্ত ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়।

বিশিষ্ট সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও সঙ্গীত ও চলচ্চিত্র জগতের গভীর যোগাযোগ ছিল। তাঁর প্রয়াণে শুধু সিনেমার জগৎ নয়, সঙ্গীতমহলেও শোকের ছায়া নেমে এসেছে। গত ৪ অক্টোবর ৭৯ বছরে পা দিয়েছিলেন তিনি। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন জয়ন্ত। তবে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর তাঁকে বাঁচানো গেল না। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।
বিনোদন জগতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকতে পছন্দ করতেন জয়ন্ত মুখোপাধ্যায়। অন্যদিকে, তাঁর সঙ্গে পাঁচ দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবন কাটিয়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল তাঁদের। চলতি বছর এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ের শুরুর দিনগুলির স্মৃতিচারণ করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বাগদান হয়। এর কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যায়। বিয়ের পর মুম্বইয়ে সংসার পাতেন তাঁরা। সেখান থেকেই শুরু হয় মৌসুমীর অভিনয়ের নতুন অধ্যায়।
এই দম্পতির দুই মেয়ে, মেঘা ও পায়েল মুখোপাধ্যায়। তবে ২০১৯ সালের ডিসেম্বরে মাত্র ৪৫ বছর বয়সে ছোট মেয়ে পায়েলের মৃত্যু পরিবারকে গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছিল। সেই ঘটনার কয়েক বছর পর এবার জীবনসঙ্গী জয়ন্তকে হারিয়ে আরও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন মৌসুমী।