জেফ বেজ়োসের পছন্দেই জেমস বন্ড?

অ্যামাজ়নের কর্ণধার জেফ বেজ়োসের পছন্দেই কি এ বার জেমস বন্ড? হলিউডের পর্দায় নতুন ০০৭ রবার্ট প্যাটিনসনকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় তিনি নিজেই ‘ভীষণ ভাবে জড়িত’ ছিলেন বলে জানালেন বেজ়োস। পাঁচ অভিনেতার চূড়ান্ত তালিকা থেকে দীর্ঘ অডিশন প্রক্রিয়ার পর প্যাটিনসনকে বেছে নেওয়া হয়েছে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

মঙ্গলবার ‘সেমাফোর’-এর সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড সম্মেলনে বেজ়োস জানান, অ্যামাজ়ন এমজিএম-এর নেতৃত্ব, প্রযোজক অ্যামি প্যাসকাল ও ডেভিড হেম্যান এবং পরিচালক ডেনিস ভিলনুভের সঙ্গে মিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, শুক্রবারই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

শুরুতে বহু অভিনেতার মধ্যে থেকে বাছাই করে পাঁচ জনকে চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছিল। তাঁরা হলেন—ক্যালাম টার্নার, জশ ও’কনর, জ্যাক লোডেন, নিকোলাস হোল্ট এবং রবার্ট প্যাটিনসন। প্রত্যেকেরই নেওয়া হয় পর্দা-পরীক্ষা। শুধু ক্যামেরার সামনে সংলাপ বললেই হয়নি, পূর্ণ পোশাক, সেট এবং তিনটি দৃশ্যে অভিনয় করিয়ে দেখা হয় কে বন্ড চরিত্রের জন্য সবচেয়ে উপযুক্ত।

বেজ়োসের দাবি, পাঁচ জনই দুর্দান্ত অভিনয় করলেও প্যাটিনসনের ক্ষেত্রে আলাদা কিছু চোখে পড়ে। পরিচালক ভিলনুভ-সহ গোটা দল দ্রুত তাঁর দিকেই ঝুঁকে পড়ে। এমনকি প্রথম দিকে প্যাটিনসনকে নিয়ে কিছুটা দ্বিধাও ছিল বলে জানান বেজ়োস। কারণ, ‘টোয়াইলাইট’-এর মতো ছবির সুবাদে তিনি ইতিমধ্যেই অত্যন্ত পরিচিত মুখ। তুলনায় কম পরিচিত কাউকে বেছে নেওয়ার কথাও ভেবেছিল দলটি। কিন্তু অডিশনের পর সেই সংশয় আর থাকেনি। বেজ়োসের ভাষায়, ‘‘এটা খুব স্পষ্ট ছিল—ও-ই জেমস বন্ড।’’

এ বারের বন্ড নির্বাচনের নেপথ্যে বেজ়োসের ভূমিকা তাৎপর্যপূর্ণ। এমজিএম অধিগ্রহণের পর জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজ়ির নিয়ন্ত্রণ অ্যামাজ়নের হাতে এসেছে। ফলে বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীর সরাসরি বন্ড নির্বাচনে যুক্ত থাকা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

মজার বিষয়, বন্ডের গল্পে এর আগেও শিল্পপতি ও ব্যবসায়ী-কেন্দ্রিক ভিলেন দেখা গিয়েছে। এ বার সেই ফ্র্যাঞ্চাইজ়ির ভবিষ্যৎ বন্ড বাছাইয়ে বাস্তবের এক শীর্ষ ব্যবসায়ীই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।