বাংলার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে একজোট হল ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাব ও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক এবং দলের নতুন জার্সি উন্মোচনের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্বের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। লক্ষ্য—ক্লাবের দীর্ঘ ক্রীড়া ঐতিহ্য এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলার তরুণ খেলোয়াড়দের সামনে নতুন সুযোগ তৈরি করা।

যশোবন্ত বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাইস-অ্যাডামাস গোষ্ঠীর চেয়ারম্যান অধ্যাপক (ড.) সমিত রায়, অ্যাডামাস টেক কনসাল্টিং ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টসের ডিরেক্টর রজত শুভ্র রায় ও সৌম্য শুভ্র রায়, কালীঘাট ক্লাবের প্রতিনিধি বাবলু কোলে-সহ দুই প্রতিষ্ঠানের আধিকারিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
এই অংশীদারিত্বের অন্যতম লক্ষ্য প্রাথমিক স্তর থেকেই প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করা। পাশাপাশি পেশাদার প্রশিক্ষণ, উন্নত অনুশীলন পরিকাঠামো এবং আরও বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি করা হবে। দুই প্রতিষ্ঠানের দাবি, এই সমন্বয়ের ফলে বাংলার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা বিকাশের নতুন পরিসর তৈরি হবে।
সমিত রায়ের কথায়, ‘‘ঐতিহ্যবাহী কালীঘাট ক্লাবের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তরুণ প্রতিভাদের তুলে এনে উন্নত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য।’’

ইতিমধ্যেই অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, দাবা ও ব্যাডমিন্টনে নিজেদের পরিসর বাড়িয়েছে। খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণের পাশাপাশি বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেও সাফল্য পেয়েছে তারা। ২০২৫ সালে পুরুষদের দল এবং ২০২৬ সালে মহিলাদের দল ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও দাবা প্রতিযোগিতাতেও শিরোপা এসেছে অ্যাডামাসের ঘরে।
নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে তাই শুধু দুই প্রতিষ্ঠানের জোট নয়, বাংলার ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভাদের জন্য দীর্ঘমেয়াদি মঞ্চ তৈরির বার্তাই উঠে এল। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ থেকেই আগামী দিনে উঠে আসবে একাধিক চ্যাম্পিয়ন।