নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন জমা করলেন। তাঁর সঙ্গে ছিলেন অখিল গিরি ও অষ্টমী গিরি।

সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বুধবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন কালীঘাটের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সঞ্চিতা প্রধান দে। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, নন্দীগ্রামের তৃণমূল নেত্রী অষ্টমী গিরি-সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক।
মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। নির্ধারিত প্রক্রিয়া মেনে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন তৃণমূল প্রার্থী।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন, তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন চান। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়, সেই বিষয়টি প্রশাসনের কাছে তাঁরা জানিয়েছেন বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পরিবেশে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই তাঁদের প্রত্যাশা।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে বলেন, লড়াই সবসময়ই কঠিন হয়। তবে তিনি শান্তিপূর্ণভাবেই নির্বাচনী লড়াই করতে চান বলে জানান। তাঁর কথায়, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই গুরুত্বপূর্ণ।

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে একদিকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলির প্রচার ও সাংগঠনিক প্রস্তুতিও জোরকদমে চলছে। ফলে আগামী দিনে নন্দীগ্রামের রাজনৈতিক লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।