৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা!

দিনমজুরের স্ত্রীর দুশ্চিন্তা বাড়াল রহস্যময় লেনদেন।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : কুলতলী গ্যাস বুকিংয়ের টাকা আপডেট করতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা জমা পড়েছে দেখে হতবাক কুলতলির কুন্দখালি অঞ্চলের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা কাশ্মীরা শেখ। ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে দিনমজুর পরিবারের।পরিবার সূত্রে জানা যায়, কাশ্মীরা শেখের স্বামী কলকাতায় মানি ব্যাগের কাজ করে কোনোমতে সংসার চালান। কয়েকদিন আগে গ্যাস বুকিংয়ের পর ব্যাংকে অ্যাকাউন্ট আপডেট করতে গিয়েই কাশ্মীরা দেখেন তাঁর অ্যাকাউন্টে প্রায় ৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা ব্যালেন্স দেখাচ্ছে।

হঠাৎ এত বিপুল অঙ্কের টাকা দেখে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।এরপর বিষয়টি জানাতে কাশ্মীরা ও তাঁর স্বামী স্থানীয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জামতলা শাখায় যান। তাঁদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে বাড়ি ফিরে যেতে বলেন।পরিবারের দাবি, বর্তমানে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রয়েছে। শুধু ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থও তুলতে পারছেন না তাঁরা। কীভাবে এই টাকা অ্যাকাউন্টে এল, কেন লেনদেন বন্ধ হয়ে গেল এবং সমস্যার সমাধান কোথায় মিলবে—তা নিয়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্কে রয়েছেন কাশ্মীরা শেখ ও তাঁর পরিবার।ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখনও পাওয়া যায়নি।