মিতালী সংঘের নবদুর্গার খুঁটিপুজো

সনাতনী ঐতিহ্যে মেনে গড়িয়া মিতালী সংঘের নবদুর্গার খুঁটিপুজো, বরদা প্রসাদ হাইস্কুলে মানুষের সমারোহ।

বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : গড়িয়া – সনাতনী রীতি ও ঐতিহ্য মেনে নবদুর্গার খুঁটিপুজোকে ঘিরে উৎসবের আবহ। গড়িয়া বরদা প্রসাদ হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এই খুঁটিপুজোয় বহু মানুষের সমাগম হয়। পুজোর সূচনাপর্বে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক কলাকুশলীও।

প্রথা মেনে মন্ত্রোচ্চারণ ও পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটিপুজো। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুঁটিপুজোকে কেন্দ্র করে উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরই সনাতনী রীতি ও ঐতিহ্যকে সামনে রেখে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেই পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।

এদিনের অনুষ্ঠানে সংগঠনের মহিলা সদস্যদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। খুঁটিপুজোকে ঘিরে তাঁদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।